জবিতে বই চুরি: নিউজ করায় দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধিকে শোকজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নবাব ফয়জুন্নেসা হল থেকে বই চুরির ঘটনা নিয়ে সংবাদ করায় দেশ রূপান্তর পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ফাতেমা আলীকে গভীর রাতে শোকজ করেছেন প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরা। হলের শৃঙ্খলা কমিটির সভায় হাজির হওয়ার জন্য চাপও সৃষ্টি করা হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিনগত রাতে ফাতেমা আলীর হোয়াটসঅ্যাপে এ শোকজ পাঠানো হয়।

এর আগে জবির নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী আবাসিক হলে বই চুরির ঘটনায় প্রভোস্টের বক্তব্য নিতে গিয়ে দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ও জবি প্রেসক্লাবের সদস্য ফাতেমা আলী সংশ্লিষ্ট হল প্রভোস্ট অধ্যাপক আঞ্জুমান আরার কাছে বক্তব্য চান। সে সময় তিনি অপেশাদার, অশোভন ও কর্তৃত্ববাদী আচরণ করেন।

অপরদিকে বিষয়টি নিয়ে একাধিক সাংবাদিক প্রভোস্টকে কল দিলে তিনি তাদের সাথেও একই আচরণ করেন। এ সময় তিনি সাংবাদিককে বলেন, ‘এত তাড়াহুড়া কিসের? সে দৌড়াইয়া নিউজ করে দিছে। হলে কিছু মেয়ে আছে সবকিছু এখনই চায়। তারা কি হয়ে গেছে? আগে ছাত্রলীগ ছিল না? তারাই ভাল ছিল। ধরে ধরে পিটাইত। ওইটাই ঠিক ছিল।’