বনানীতে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিকের মৃত্যু

রাজধানীর বনানীর চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আনিছ মিয়া (২৫) নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে।

রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকেল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত আনিছ মিয়ার ভাই মো. আশিক মিয়া জানান, তাদের বাড়ি শেরপুরের সদর উপজেলার বড়তিরশা গ্রামে। তাদের বাবার নাম মজিবর রহমান। বর্তমানে স্ত্রীকে নিয়ে বনানী কড়াইল বস্তিতে থাকতেন আনিছ। চেয়ারম্যান বাড়ি এলাকায় একটি পোশাক তৈরি কারখানায় কাজ করতেন।

তিনি আরও জানান, দুপুরে আনিসের ফোন থেকে একজন কল করে জানান আনিস চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়েছেন তিনি। পরে সেখান গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় দেখতে পান তারা।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।