বায়ুদূষণে আজ ঢাকার অবস্থান কত?

বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে উঠেছে উগান্ডার রাজধানী কামপালা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ার জানায়, কামপালার বাতাসের মানের স্কোর (একিউআই) ১৭২, যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

এ সময় বাংলাদেশের রাজধানী ঢাকার একিউআই স্কোর ছিল ৬৯। এ স্কোরকে ‘সহনীয়’ বা ‘মাঝারি’ বলা হয়। ফলে তালিকার ২৯তম অবস্থানে রয়েছে ঢাকা।

আইকিউএয়ারের তথ্যে দেখা যায়, বায়ুদূষণের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (স্কোর ১৬৯)। তৃতীয় স্থানে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা (১৬৬), চতুর্থ স্থানে ফিলিপাইনের রাজধানী ম্যানিলা (১৫৩) এবং পঞ্চম স্থানে সংযুক্ত আরব আমিরাতের দুবাই (১৪৯)।

একিউআই সূচক অনুযায়ী শূন্য থেকে ৫০ পর্যন্ত বায়ুর মান ‘ভালো’। ৫১ থেকে ১০০ মাঝারি, ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। ১৫১ থেকে ২০০ হলে তা সবার জন্য ‘অস্বাস্থ্যকর’। ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়, এ অবস্থায় শিশু, প্রবীণ ও অসুস্থদের বাইরে কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। আর ৩০১ থেকে ৪০০ স্কোর হলে তা ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে গণ্য হয়, যা গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য বলছে, বায়ুদূষণের কারণে প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৭০ লাখ মানুষ মারা যায়।