হামাসকে শেষবারের মতো সতর্ক করলেন ট্রাম্প

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২১ এএম

ফিলিস্তিনের গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের অবিলম্বে মুক্তি দিতে হামাসকে চূড়ান্ত সতর্কবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

রবিবার (৭ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি বলেন, ‘ইসরায়েল আমার শর্ত মেনে নিয়েছে, এবার হামাসকেও মানতে হবে। শর্ত না মানলে এর পরিণতি ভোগ করতে হবে। এটি আমার শেষ সতর্কবার্তা।’

হোয়াইট হাউসে হামাসের হাত থেকে মুক্তি পাওয়া ৮ ইসরায়েলি জিম্মির সঙ্গে সাক্ষাতের পর এ বছরের মার্চ মাসের শুরুতেও একই ধরনের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন, অবিলম্বে বাকি সব জিম্মিকে মুক্তি দিতে হবে এবং নিহতদের মরদেহ হস্তান্তর করতে হবে।

২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে আকস্মিক হামলা চালিয়ে ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। ইসরায়েলি সেনাবাহিনীর দাবি, এদের মধ্যে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। তাঁদের মরদেহ ফেরত চাওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে, এখনো প্রায় ৪৭ জন জিম্মি গাজায় অবস্থান করছেন।

গত শুক্রবার এক বক্তব্যে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র ‘হামাসের সঙ্গে গভীর আলোচনা’ চালিয়েছে। তাঁর ইঙ্গিত, গাজায় হয়তো আরও জিম্মির মৃত্যু ঘটেছে। হামাসকে উদ্দেশ করে ট্রাম্প বলেন, ‘আমরা বলেছি, এখনই সবাইকে ছেড়ে দাও, সবাইকে মুক্তি দাও। তা হলে তোমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করছে। নয়তো পরিস্থিতি আরও ভয়ংকর হবে।’

এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৩ সালে যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ৭৩ হাজার ৭৩১ জন ফিলিস্তিনি নিহত বা নিখোঁজ রয়েছেন। তাঁদের মধ্যে ২০ হাজারের বেশি শিশু এবং ১২ হাজার ৫০০ নারী। নিহতদের মধ্যে আরও রয়েছেন ১ হাজার ৬৭০ জন চিকিৎসাকর্মী, ২৪৮ জন সাংবাদিক, ১৩৯ জন বেসামরিক উদ্ধারকর্মী এবং ১৭৩ জন পৌর কর্মচারী। আহত হয়েছেন এক লাখ ৬২ হাজারেরও বেশি মানুষ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত