ফন পার্সিকে ছাড়িয়ে ডিপের রেকর্ড গোল

ম্যাচের তখন ১১ মিনিট। ডান দিক থেকে ডি-বক্সে ক্রস বাড়ালেন কোডি গাকপো, ডান পায়ের শটে জালে বল পাঠালেন মেমফিস ডিপে। এই গোলে দলকে এগিয়ে নেওয়ার পাশাপাশি রেকর্ড নিজের করে নেন তিনি। নেদারল্যান্ডসের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এই তারকা ফরোয়ার্ড। ছাড়িয়ে যান রবিন ফন পার্সিকে। পরে আরও এক গোলে নিজের রেকর্ডকে এগিয়ে দেন ডিপে।

বিশ্বকাপ বাছাইয়ে রবিবার রাতে লিথুয়ানিয়ার মাঠে ৩-২ ব্যবধানে জিতেছে নেদারল্যান্ডস।

ডাচদের হয়ে ১০২ ম্যাচ খেলে ৫০ গোল নিয়ে আগে রেকর্ড ছিল ফন পার্সির। গত জুনে মাল্টার বিপক্ষে জোড়া গোল করে ওই রেকর্ড স্পর্শ করেছিলেন ডিপে। এক ম্যাচ পর এককভাবে তালিকার শীর্ষে বসলেন তিনি।

ডিপের রেকর্ড গোলের পর ৩৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন টিম্বার। তবে প্রথমার্ধের সমতায় ফেরে লিথুয়ানিয়া। ৩৬ মিনিটে জিদাস জিনেটিস এবং ৪৩ মিনিটে এডভিনাস জিরডাভাইনিস গোল করেন।

৬৩ মিনিটে হেডে গোল করে দলকে এগিয়ে দেন ডিপে। তাতে আন্তর্জাতিক ফুটবলে ১০৪ ম্যাচে তার গোল হলো ৫২টি। ডিপের করা গোলে ব্যবধান ধরে রেখে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ডাচরা। বার্সেলোনা, ম্যানচেস্টার ইউনাইটেড, আতলেতিকো মাদ্রিদে খেলা ডিপে এখন খেলছেন ব্রাজিলের ক্লাব করেন্থিয়ান্সে। তবে ৩১ বছর বয়সী ডিপের যে ধার কমেনি তা প্রমাণ করে যাচ্ছেন জাতীয় দলের জার্সিতেই।

বাছাইয়ে চার ম্যাচে তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে 'জি' গ্রুপে শীর্ষে আছে নেদারল্যান্ডস। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দুইয়ে পোল্যান্ড।