টেনিসের রাজত্ব ফিরে পাওয়ার সঙ্গে ২৭ কোটি টাকাও পেলেন আলকারাজ

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৫৭ এএম

‎স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ আবারও প্রমাণ করলেন টেনিস বিশ্বে তিনিই সেরা। রবিবার নিউ ইয়র্কে ইউএস ওপেন ফাইনালে তিনি ইতালির ইয়ানিক সিনারকে ৩-১ সেটে (৬-২, ৩-৬, ৬-১, ৬-৪) হারিয়ে দ্বিতীয়বারের মতো এই গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন। ২০২২ সালের পর এটাই তার দ্বিতীয় ইউএস ওপেন জয়।

‎এ জয় আলকারাজের জন্য একাধিক অর্জনের পথ খুলে দিল। ফাইনাল জেতার মাধ্যমে তিনি শুধু ট্রফিই জেতেননি, বরং সিনারকে পেছনে ফেলে নতুন করে বিশ্ব র‌্যাঙ্কিংয়ের এক নম্বরেও উঠেছেন। ক্যারিয়ারের অল্প বয়সেই তিনি এখন পর্যন্ত দুটি গ্র্যান্ড স্ল্যাম (ইউএস ওপেন ও রোলাঁ গারো) জিতেছেন, পাশাপাশি এ বছরের উইম্বলডনের ফাইনালেও খেলেছেন। সবমিলিয়ে তার এটি ষষ্ঠ গ্র্যান্ড স্ল্যাম জয়। বিওর্ন বোর্গের পর সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়লেন তিনি।

‎অন্যদিকে সিনারও সমানভাবে দুর্দান্ত ফর্মে ছিলেন পুরো মৌসুমে। তিনি অস্ট্রেলিয়ান ওপেন ও উইম্বলডন জিতেছেন, আর রোলাঁ গারোর পর ইউএস ওপেনে হলেন রানার-আপ। টেনিসে বর্তমানে আলকারাজ-সিনার প্রতিদ্বন্দ্বিতা এখন অন্যতম আকর্ষণ। দুইজনের ১৫ মুখোমুখি লড়াইয়ে আলকারাজ এগিয়ে গেলো ১০-৫ ব্যবধানে।

ইয়ানিক সিনারকে দশমবার হারানোর উচ্ছ্বাস। ছবি -এক্স

‎ফাইনালে আলকারাজ শুরু থেকেই দাপুটে খেলেন। প্রথম সেটেই দুইবার সিনারের সার্ভ ভেঙে ৬-২ ব্যবধানে জিতে নেন। দ্বিতীয় সেটে সিনার ঘুরে দাঁড়িয়ে ৬-৩ এ জয় পায়। তবে তৃতীয় সেটে আলকারাজ ভয়ঙ্কর রূপে ফিরে আসেন—৬-১ সেট জিতে প্রায় "পানসেট" উপহার দিতে বসেছিলেন। চতুর্থ সেটে আবারও আধিপত্য দেখিয়ে ৬-৪ এ জিতেই ম্যাচের ইতি টানেন ২ ঘণ্টা ৪২ মিনিটে।

‎পুরস্কার অর্থের দিক থেকেও আলকারাজ সমৃদ্ধ হয়েছেন। টুর্নামেন্ট চ্যাম্পিয়ন হিসেবে তিনি পেয়েছেন ৫০ লাখ মার্কিন ডলার (প্রায় ২৭ কোটি টাকা)। অন্যদিকে সিনার রানার-আপ হিসেবে অর্জন করেছেন ২৫ লাখ মার্কিন ডলার।

‎ম্যাচ শেষে আলকারাজ বলেছেন, 'আজ আমি সত্যিই দুর্দান্ত খেলেছি। আসলে পুরো টুর্নামেন্ট জুড়ে আমি আমার সেরা টেনিস খেলেছি। শুরু থেকে শেষ পর্যন্ত ফোকাস ধরে রেখেছি। সার্ভিসে বিশেষভাবে মনোযোগ দিয়েছি—শুধু তিনবার ভাঙা হয়েছে, যার মধ্যে একবার ফাইনালে। সামগ্রিকভাবে আমি অসাধারণ টেনিস খেলেছি।'

‎তিনি আরও যোগ করেন, 'সিনারের সঙ্গে খেলতে হলে কৌশলগতভাবে নিখুঁত হতে হয় এবং শারীরিক দিক থেকেও শক্ত থাকতে হয়। আজ কিছু ভুল করেছি দ্বিতীয় সেটে, তবে বাকিটা সময় আমি সত্যিই অসাধারণ ছিলাম। সিনারকে হারাতে হলে আমাকে নিখুঁত খেলতে হয়, আর আজ সেটা করতে পেরেছি।'

‎অন্যদিকে ইতালিয়ান তারকা ইয়ানিক সিনার স্বীকার করেছেন,আলকারাজের সঙ্গে পাল্লা দিতে আরও "অপ্রত্যাশিত" হতে হবে, 'আজ আমি অনেক বেশি পূর্বানুমানযোগ্য খেলেছি। সার্ভ অ্যান্ড ভলি করিনি, ড্রপশটও কম খেলেছি। আলকারাজ গেম বদলে দিয়েছে। আমাকে আরামদায়ক জোন থেকে বের হয়ে নতুন কিছু চেষ্টা করতে হবে। উন্নত হতে হলে আমাকে খেলায় বৈচিত্র্য আনতেই হবে।”

×
সর্বশেষ সর্বাধিক পঠিত