বিশ্বকাপ বাছাইয়ে গেল বৃহস্পতিবার নিজেদের প্রথম ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে হেরে বেশ চাপে ছিল জার্মানি। তার আগে নেশনস লিগে ফ্রান্স ও পর্তুগালের কাছে হেরেছিল জার্মানরা। টানা তিন হারের জয়ে ফিরল জার্মানি।
রবিবার জার্মানি ৩-১ গোলে হারিয়েছে নর্দার্ন আয়ারল্যান্ডকে।
আগের ম্যাচের একাদশ থেকে পাঁচটি পরিবর্তন এনেও প্রথমার্ধে খুব একটা সুবিধা করতে পারেনি জার্মানি। যদিও ৭ মিনিটে সার্জ নাব্রির গোলে এগিয়ে যায় জার্মানি। ৩৪ মিনিটে কর্নার থেকে ভলিতে সমতা ফেরান ইসাক প্রাইস।
দ্বিতীয়ার্ধে আক্রমণে ধার বাড়ায় জার্মানি। ৬৩ মিনিটে জোড়া সেভে স্বাগতিকদের হতাশ করেন নর্দার্ন আয়ারল্যান্ডের গোলকিপার পিকক-ফারেল। তবে ৬৯ মিনিটে ফারেলের ভুলেই এগিয়ে যায় জার্মানি। মাঝমাঠের কাছাকাছি থেকে লম্বা করে বল বাড়ান জার্মানির ডেভিড রাউম। গোলকিপার কিছুটা সামনে এগিয়ে ছিলেন, বল বাঁক খেয়ে চলে যায় তার পাশ দিয়ে। ফাঁকা জালে বল পাঠান নাদেম আমিরি।
৭২ মিনিটে ব্যবধান বাড়ান ফ্লোরিয়ান উইর্টজ। বক্সের ঠিক বাইরে ফ্রি-কিক পেয়েছিল জার্মানি। মাপা শটে রক্ষণ দেয়ালের ওপর দিয়ে বল জালে পাঠান লিভারপুলে খেলা এই ফরোয়ার্ড।
একই সময়ে 'এ' গ্রুপের আরেক ম্যাচে স্লোভাকিয়া ১-০ তে লুক্সেমবার্গকে হারিয়েছে। ২ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে শীর্ষে স্লোভাকিয়া। সমান ৩ পয়েন্ট করে নিয়ে গোল পার্থক্যে নর্দান আয়ারল্যান্ড দুইয়ে ও জার্মানি তিনে আছে। দুটিই হেরে তলানিতে লুক্সেমবার্গ।