বাংলাভিশন টেলিভিশনের কলাপাড়া উপজেলা প্রতিনিধি কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও কুয়াকাটা পৌর যুবদলের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরণকে কুপিয়ে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি ইলিয়াস হোসেন মিলুকে (৪৩) ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
রবিবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাতে রাঙ্গাবালী উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
ইলিয়াস হোসেন মিলু কুয়াকাটার মাদক কারবারিদের নিয়ন্ত্রক ও একটি হত্যা মামলার আসামি বলে জানা গেছে। গ্রেপ্তার ইলিয়াস কুয়াকাটা পৌরসভার সাবেক মেয়র আওয়ামী লীগ নেতা আনোয়ার হাওলাদারের বড় ভাই মৃত শানু হাওলাদার ছেলে।
পটুয়াখালীর ডিবি পুলিশের এসআই জহুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। গ্রেপ্তার ইলিয়াসকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে এ কর্মকর্তা জানান। এর আগে ইলিয়াসের ছেলে রাজনকে পুলিশ গ্রেপ্তার করে তার জবানবন্দী নেওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৪ ফেব্রুয়ারি, মঙ্গলবার মধ্যরাতে মিরন ঢাকা থেকে কুয়াকাটায় পৌঁছে গাড়ি থেকে নেমে বাসায় ফিরছিলেন। বাসায় ঢোকার আগমুহূর্তে সশস্ত্র দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। মিরন চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। পরিবারের সদস্যসহ আশপাশের লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়। মিরনের এক হাতের রগ কেটে দেওয়া হয় এবং অন্য হাতের কব্জি বরাবর ঝুলিয়ে দেয়। এছাড়া কপালে, মাথায়, পেটে হাতেসহ শরীরের বিভিন্ন স্থানে অসংখ্য কোপানো হয়।
এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি করে ১৩ ফেব্রুয়ারি মহিপুর থানায় একটি মামলা করা হয়। স্থানীয়রা জানান, এই চক্র পরিকল্পিতভাবে মিরনকে হত্যার জন্য সশস্ত্রভাবে নৃশংস হামলা চালায়। পরে গণমাধ্যম কর্মীসহ রাজনৈতিক অঙ্গনে এ ঘটনার প্রতিবাদে মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। অন্যতম হোতা ইলিয়াস গ্রেপ্তার হওয়ায় মিরনের পরিবারে কিছুটা হলেও স্বস্তি নেমে এসেছে।