আসন পুনর্বহালের দাবিতে বাগেরহাটে হরতাল চলছে, যাত্রী দুর্ভোগ  

বাগেরহাটের চার সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে হরতাল পালন করেছে ‘সর্বদলীয় সম্মিলিত কমিটি’। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ৬টা দিকে পিকেটাররা রাস্তায় গাছের গুড়ি ও বাঁশ ফেলে হরতাল পালন করছে। সকাল থেকে শুরু হওয়া এ হরতাল চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন করে আসন পুনবর্হালের দাবিতে হরতালসহ পাঁচদিনের নানা কর্মসূচি ঘোষণা করে সর্বদলীয় সম্মিলিত কমিটি। আগামী বুধ ও বৃহষ্পতিবার টানা ৪৮ ঘণ্টার হরতাল পালন করবে তারা।

সর্বদলীয় সম্মিলিত কমিটির কো-কনভেনর এম এ সালাম বলেন, নির্বাচন কমিশন অযৌক্তিক কারণ দেখিয়ে বাগেরহাটের চারটি আসন থেকে কেটে একটি বাদ দিয়েছে। তার প্রতিবাদে আমরা কর্মসূচি পালন করছি। আমাদের এই ন্যায্য দাবি না মেনে নেওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম বলেন, বাগেরহাটবাসী এই হরতালে পূর্ণ সমর্থন দিয়েছে। বাগেরহাটের সঙ্গে আশপাশ জেলার সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এরপরেও যদি নির্বাচন কমিশন যদি ব্যবস্থা না নেন তাহলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন এই নেতা।

এদিকে দূরপাল্লার বাসসহ জেলার সকল অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

খুলনা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দেয় অন্দোলনকারীরা। ছবি: ফোকাস বাংলা

বাগেরহাট বাসস্ট্যান্ডে আসা যাত্রী আশিকুর রহমান বলেন, জরুরি চিকিৎসার জন্য খুলনায় যেতে হবে। বাসস্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছি। কোনো যানবাহন চলছে না। হরতালের কারণে ভোগান্তিতে পড়েছি। সরকার দাবি মেনে নিয়ে আমাদের এই ভোগান্তি থেকে মুক্তি দিক।

আরেক যাত্রী মনিরা বেগম বলেন, আমি খুলনার একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাজ করি। নিয়মিত আমাকে খুলনায় যেতে হয়। কয়েকদিন আগে অবরোধে আটকা পড়ি। আজ আবার একই অবস্থা।

বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, সবধরনের বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা টহল দিচ্ছে।