ওটিটি ও চলচ্চিত্রের চেয়ে বর্তমানে ধারাবাহিক এবং একক নাটকেই বেশি ব্যস্ত অভিনেতা মোশাররফ করিম। আজ থেকে আরও একটি নতুন ধারাবাহিক নাটকের প্রচার শুরু হচ্ছে এই তারকার। নাটকটি নাম ‘৭ কিলো ১ গ্রাম’। আজ ৮ সেপ্টেম্বর থেকে সপ্তাহের প্রতি সোম, মঙ্গলও বুধবার রাত সাড়ে ৯টায় এনটিভিতে প্রচার হবে নাটকটি। মোশাররফ করিম এখানে অভিনয় করছেন নতুন একটি চরিত্রে।
জুয়েল এলিনের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শামস করিম। এতে মোশাররফ করিম ছাড়া আরও অভিনয় করেছেন তানহা তাসনিয়া ইসলাম, মীম চৌধুরী, তারিক স্বপন, শহীদুল্লাহ সবুজ, শরীফ হোসেন ইমন, ঝুনা চৌধুরি, শফিক খান দিলু, ম আ সালাম, পঙ্কজ মজুমদার, আলমগীর হোসেন, জেবুন্নেসা সোবহান, শেখ স্বপ্না, রাশেদা আঁখী, সাবিনা রনি, জান্নাতুল স্বর্না, রিপা রঞ্জনা, মনিষা শিকদার, মারুফ মিঠু, তুহিন খান, রহিম সুমন প্রমুখ।
৭ কিলোমিটার আয়তনের ১টি গ্রামে বসবাসকারী ভিন্ন ভিন্ন শ্রেণির, ভিন্ন ভিন্ন পেশার মানুষদের জীবন-জীবিকা, সমাজ-সংস্কারকে কেন্দ্র করে। এই জনপদে পদে পদে বিপদ। একদা গ্রামটির নাম ছিল পরাণপুর কালপরিক্রমায় এখন লোকে ডাকে পেইনপুর বলে। এই পরাণপুরে মানুষের তুচ্ছ কারণেই চুন থেকে পান খসলে গ্যাঞ্জাম বাধে। এই মানুষগুলোর জীবনে একটি অন্যরকম মোচড় আসে যখন বয়স্কা আয়নাল বিবির ছোটকালে হারিয়ে যাওয়া সন্তান সুরুজ ৩০ বছর পর নিজ গ্রামে ফিরে আসছে এই খবরে। বেশি অস্থিরতা তৈরি হয় গ্রামের তিন ফ্যামিলির মধ্যে, যাদের এতদিন চোখ ছিল বৃদ্ধা আয়নাল বিরির ভিটি আর জমি-জমার উপর। এই সম্পত্তির লোভেই এতদিন তারা বৃদ্ধাকে দেখাশোনা করতো। সংগত কারণেই দীর্ঘদিন পর সুরুজের ফিরে আসার খবরে তাদের মধ্যে দুশ্চিন্তা ভর করে আবার কৌতূহলও তৈরি হয়- এমন গল্পে নির্মিত হয়েছে নাটক ‘৭ কিলো ১ গ্রাম’।