এশিয়া কাপের প্রথম ম্যাচেই শক্তিশালী ভারতের মুখোমুখি হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাত। ম্যাচটিকে সামনে রেখে দলের কোচ লালচাঁদ রাজপুত জানিয়েছেন, তারা ভয়ডরহীন ক্রিকেট খেলবেন এবং চেষ্টা করবেন বড় ধরনের আপসেট ঘটানোর।
ভারতের সাবেক টেস্ট ব্যাটার রাজপুত এবার ডাগআউটে বসবেন সাবেক শিষ্য গৌতম গম্ভীরের বিপরীতে। ভারতীয় দলের নতুন কোচ গম্ভীরকে নিয়ে তিনি বলেন, “ওই সময়ের সেরা ব্যাটারদের একজন ছিল গম্ভীর। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ রানও করেছে সে। অনেক বছর পর ওর সঙ্গে দেখা হবে, নিশ্চয়ই ভালো আলাপ হবে।”
আফগানিস্তান-হংকং ম্যাচ দিয়ে কাল শুরু এশিয়া কাপ। গ্রুপ ‘এ’-এর ম্যাচে বুধবার দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও ইউএই। কাগজে-কলমে ভারত অনেক এগিয়ে থাকলেও রাজপুত বিশ্বাস করেন, টি-টোয়েন্টিতে যে কোনো দলই একদিনে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তাঁর ভাষায়, “ভারত বড় দল, শেষ বিশ্বকাপের চ্যাম্পিয়ন। কিন্তু টি-টোয়েন্টিতে একদিন ভালো খেললেই জয় সম্ভব। একজন ব্যাটার কিংবা একজন বোলার পুরো ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলব।”
ভারত যেখানে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলে এসেছে, সেখানে ইউএই অতি সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানকে নিয়ে টি-টোয়েন্টি ত্রিদেশীয় সিরিজ খেলেছে। যদিও সব ম্যাচে হেরেছে তারা, তবে রাজপুত মনে করছেন সেখান থেকে পাওয়া অভিজ্ঞতা এশিয়া কাপে কাজে লাগবে। তিনি বলেন, “আমাদের ব্যাটিং ভালো, স্পিন বিভাগেও দক্ষতা আছে। খেলোয়াড়রা ইউএই কন্ডিশনের সঙ্গে পরিচিত। তবে বড় দলের বিপক্ষে সেটা কেমন কাজে লাগাতে পারি, সেটাই এখন প্রশ্ন।”
২০১৬ সালের পর এই প্রথম এশিয়া কাপে অংশ নিচ্ছে আমিরাত। দলে আছেন অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম, পাওয়ার-হিটার আসিফ খানসহ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। রাজপুতের আশা, তাদের ব্যাটিং গভীরতা ও স্পিন আক্রমণ অন্তত কিছুটা হলেও ভারতকে পরীক্ষা নেবে।
ভারতের শক্তির প্রসঙ্গে রাজপুত বলেন, “পুরো ভারত দলটাই ম্যাচ উইনারে ভরা। সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, গিল, অভিষেক বা তিলক—অনেকে ইতিমধ্যেই সেঞ্চুরি করেছে। নাম ধরে কাউকে আলাদা করা মুশকিল।”
'বি' গ্রুপে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গেও খেলবে আমিরাত।