সাংবাদিক সুরক্ষা আইন করে যাব: তথ্য উপদেষ্টা

সরকার সাংবাদিকদের কল্যাণে বিভিন্ন কাঠামো, আইন, বিধি ও প্রতিষ্ঠান গড়ে তুলেছে বলে মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আজ সোমবার সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে আয়োজিত গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা মাহফুজ আলম জানান, তিনি নিজের মেয়াদে সংস্কার কমিশনের দেওয়া সাংবাদিক সুরক্ষা আইন করে যাবেন। পাশাপাশি সাংবাদিকদের জন্য ৯ম ওয়েজ বোর্ড করার কাজও চলছে বলে জানান তিনি।

তথ্য উপদেষ্টা আরও বলেন, সাংবাদিক সবাইকে সুরক্ষা ও কল্যাণের আওতায় আনা কঠিন। তারপরও সাংবাদিকদের কল্যাণে তথ্য মন্ত্রণালয় কাজ করছে। ৩ মাস পরপর সাংবাদিক কল্যাণ ট্রাস্ট্রের মাধ্যমে সহায়তা করা হচ্ছে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের কার্য পরিধি বাড়াতে কাজ চলছে। সাংবাদিকদের সন্তানদের বৃত্তির জন্য ২ কোটি টাকা অর্থ ছাড় হয়েছে। সাংবাদিকরা সাবলম্বি না হলে কোনো দল বা গোষ্ঠীর পাপেটে পরিনত হবে, এটা এড়ানো যাবে না।

ডিআরইউ যেন সরকারী সুবিধা পায় সেই চেষ্টা করা হবে জানিয়ে তথ্য উপদেষ্টা বলেন, আমরা ৯ম ওয়েজবোর্ড করতে চাই। কিন্তু এটা খুবই জটিল একটি প্রক্রিয়া। বিভিন্ন মন্ত্রণালয় এটার সঙ্গে সম্পৃক্ত। যে সময় দরকার তা পেলে করে দিয়ে যেতে পারবো, না হলে একটা পর্যায় পর্যন্ত রেখে দিয়ে যাবো পরবর্তী সরকার তা বাস্তবায়ন করবে।

তিনি বলেন, জুলাই আন্দোলনে আহত ও নিহতদের অনেকেই এখনো আড়ালের রয়ে গেছে। তাদের নিয়ে প্রতিবেদন হলে সরকারের পক্ষ থেকে ব্যবস্থা নিতে সহজ হয়। তাই তাদের নিয়ে প্রতিবেদন প্রকাশ করার অনুরোধ জানান তিনি।

ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিএফইউজে সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডিআরইউ’র সাবেক সভাপতি রফিকুল ইসলাম আজাদ ও ডিআরইউ’র সহ-সভাপতি গাযী আনোয়ার। 

অনুষ্ঠানে ডিইউজে সাধারণ সম্পাদক খুরশীদ আলম, ডিআরইউ’র যুগ্ম সম্পাদক নাদিয়া শারমিন, সাংগঠনিক সম্পাদক আবদুল হাই তুহিন, দপ্তর সম্পাদক রফিক রাফি, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক বোরহান উদ্দীন, কার্যনির্বাহী সদস্য মো: জুনায়েদ হোসাইন (জুনায়েদ শিশির), আকতারুজ্জামান, আমিনুল হক ভুইয়া, সুমন চৌধুরীসহ ডিআরইউ সদস্যরা উপস্থিত ছিলেন।