নির্বাচনকালীন তথ্য প্রচারে গণমাধ্যমকে সতর্ক হতে বললেন তথ্য উপদেষ্টা

আপডেট : ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:০৮ পিএম

নির্বাচনকালীন প্রপাগান্ডা মোকাবিলায় গণমাধ্যমে সত্য ও যাচাইযোগ্য তথ্য পরিবেশনের ওপর গুরুত্বারোপ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নব নিযুক্ত উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। 

রবিবার (১৪ ডিসেম্বর) সচিবালয়ের মন্ত্রণালয় সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বিভ্রান্তিকর তথ্যের কারণে নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া প্রভাবিত হতে দেয়া যাবে না। সরকার একটি স্বাধীন, শক্তিশালী ও জবাবদিহিমূলক গণমাধ্যম প্রত্যাশা করে। তথ্যপ্রবাহ হবে অবাধ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল।

উপদেষ্টা আরও বলেন, গণমাধ্যম ইতোমধ্যেই দেশের গণতন্ত্র চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এ ভূমিকা আরও পেশাদার ও দায়িত্বশীল হওয়া উচিত। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্কতা, নৈতিকতা ও পেশাদারিত্ব বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন। 
 
এছাড়াও তিনি বলেন, সরকার সঠিক তথ্যের পক্ষে থাকবে এবং এ কাজে গণমাধ্যমকে প্রয়োজনীয় সহায়তা দেবে। স্বাধীনতা, জবাবদিহি ও ন্যায়বিচার এই তিন ভিত্তিতেই বিশ্বাসযোগ্য গণমাধ্যম ব্যবস্থা গড়ে তোলা হবে।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব মাহবুবা ফারজানা, অতিরিক্ত সচিব (প্রশাসন) নূর মো. মাহবুবুল হক, অতিরিক্ত সচিব (সম্প্রচার ও প্রেস) ড. মোহাম্মদ আলতাফ-উল-আলমসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও অধীন দপ্তর ও সংস্থার প্রধানরা নব নিযুক্ত উপদেষ্টাকে ফুলেল শুভেচ্ছা জানান।

সভা শেষে উপদেষ্টা সমসাময়িক বিষয় নিয়ে গণমাধ্যমের প্রশ্নের জবাব দেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত