আনোয়ারায় হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে তরুণের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারায় হাতি তাড়ানোর বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে জাহেদ খান (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আমির খান (২০) ও মেহেরুন্নেসা বাহান্নী (৩৫) নামের আরও দুইজন আহত হয়েছেন। সোমবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ি পাহাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত জাহেদ খান উপজেলার বৈরাগ ইউনিয়নের খান বাড়ির আব্দুল হাফেজের ছেলে।

এ বিষয়ে ঘটনার প্রত্যক্ষদর্শী মো. শাকিল জানান, প্রতিদিনের ন্যায় জাহেদ গরু চড়ানোর জন্য বিলে আসে। একপর্যায়ে স্থানীয় জাফর মাষ্টারের ছেলের হাতির জন্য পাতা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয় জাহেদ। পরে তাকে উদ্ধার করতে গিয়ে আরও দুইজন আহত হন। তাকে  উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাতির তাড়ানোর জন্য এধরণের ফাঁদ পাতা দণ্ডনীয় অপরাধ জানিয়ে বন বিভাগের বাঁশখালী জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ বলেন, ‘এ ধরণের কোনো অভিযোগ পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

এর আগে বিকেল ৩টায় উপজেলার বরুমচড়ায় দালানের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হানিফ (২০) নামের আরেক তরুণের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার বরুমচড়া ইউনিয়নের ভরাচর গ্রামের হায়দার আলীর বাড়ির আবু তাহেরের ছেলে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন বলেন,বৈরাগের ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়া বরুমচড়ার ঘটনাটি শুনেছি এ ঘটনায় তদন্ত করা হচ্ছে।