হিমালয়কন্যা নেপাল হঠাৎ করেই অগ্নিগর্ভ। জেন-জি প্রজন্মের বিক্ষোভে উত্তাল রাজধানী কাঠমান্ডুসহ পুরো দেশ। রক্তে লাল কাঠমান্ডুর রাজপথ। অরাজক পরিস্থিতিতে বিপাকে বাংলাদেশ জাতীয় ফুটবল দলও। বাতিল হয়ে গেছে মঙ্গলবার নেপালের বিপক্ষে হতে যাওয়া প্রীতি ম্যাচ। পরিবর্তিত এই পরিস্থিতিতে ফুটবল দলকে নির্ধারিত সময়ের আগেই নিরাপদে দলকে দেশে ফিরে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন।
কাল বুধবার বিকেল ৪টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে ঢাকায় ফেরার কথা রয়েছে জাতীয় দলের। কাঠমান্ডু থেকে দেশ রূপান্তর যোগাযোগ করেছিল বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে। তিনি জানিয়েছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাঠমান্ডুর সাম্প্রতিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। আমাদের সব সমর্থক ও ফুটবল পরিবারকে আশ্বস্ত করতে চাই, আমাদের দলের নিরাপত্তাই সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় কর্র্তৃপক্ষ, অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি।’ হোটেলে অবরুদ্ধ বাংলাদেশি ফুটবলারদের এখন শুধুই নিরাপদে দেশে ফেরার অপেক্ষা।