ছাত্রদল প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী শেখ তানভীর বারী হামিম জানিয়েছেন, ভোটগ্রহণের পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল পৌনে নয়টার দিকে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “নির্ধারিত সময় পর্যন্ত নির্বাচনের পরিবেশ ঠিক থাকলে আমাদের জয় নিশ্চিত। আমি শতভাগ আশাবাদী।”
তানভীর শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীরা যদি ভোট দিতে আসেন, তা পরিস্থিতি পাল্টে দিতে পারে। তিনি সবাইকে ভোটাধিকার প্রয়োগের জন্য কেন্দ্রে আসার আহ্বান জানান।
ভোট প্রদানের অভিজ্ঞতা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নে তিনি বলেন, “ভোট দিতে আমার ১০ থেকে ১২ মিনিট সময় লেগেছে। প্রার্থীর সংখ্যা অনেক হওয়ায় সময় বেশি লাগছে। বুথের সংখ্যা আরও বাড়ালে প্রক্রিয়া দ্রুততর হতো।”