আর্জেন্টিনার ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া—একসঙ্গে দীর্ঘদিনের সঙ্গী। জাতীয় দলের জার্সিতে শিরোপার পর শিরোপা জেতা এই দুই সতীর্থের মধ্যে সম্পর্ক সবসময়ই বিশেষ। টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ডি মারিয়া স্পষ্ট করে দিলেন, মেসির পথচলা এখনো শেষ হয়নি।
ডি মারিয়া বলেন, “সে এখনো শেষ করেনি। বিশ্বকাপ খেলবে, আরও ম্যাচ খেলবে। আমি ওকে মেসেজ দিয়েছিলাম, বিদায়টা আসলে বিদায় নয়।”মেসিকে নিয়ে নিজের অনুভূতি জানাতে গিয়ে তিনি আরও যোগ করেন, “ও ইতিহাসের সেরা, সবকিছু জিতেছে। তার সঙ্গে খেলতে পারা আমার সৌভাগ্য।”
মেসির ভবিষ্যৎ নিয়ে আলোচনার মাঝেই ডি মারিয়া উল্লেখ করেছেন নিজের সিদ্ধান্তের কথাও। ২০২৪ কোপা আমেরিকার পর আর্জেন্টিনার জার্সিকে বিদায় জানানোয় কোনো আফসোস নেই তার। বরং তরুণ প্রজন্মকে জায়গা করে দেওয়ার আনন্দই তার বেশি, “আমি অনুভব করেছি সময় এসেছে। নতুন প্রজন্ম তৈরি, তারা নিজেরাই পথ চলতে পারবে। নিকো পাজ, গারনাচো, মাস্তান্তুয়ানো, আলমাদা—এই ছেলেরা ভবিষ্যৎ গড়বে। তাদের দেখে আমার গর্ব হয়।”
ডি মারিয়া স্কালোনির সাফল্য ও অবদানকে তুলে ধরে বলেন, “তিনি যা করেছেন, যা করছেন—সব অসাধারণ। তরুণদের সুযোগ দিচ্ছেন, যেমন এমএলএস থেকে আসা থিয়াগো আলমাদা আজ নিয়মিত খেলছেন এবং দারুণ পারফর্ম করছেন। শুধু ট্রফি জেতা নয়, ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলাই স্কালোনির বড় কৃতিত্ব।”
২০২২ বিশ্বকাপজয়ী ও দুইবারের কোপা আমেরিকা চ্যাম্পিয়ন ডি মারিয়া আরও যোগ করেন, “তিনি সবকিছু অর্জন করেছেন, দলের জন্য সব দিয়েছেন। আমার চোখে তিনি দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনার কোচ থাকার যোগ্য।”
ডি মারিয়া মনে করেন, স্কালোনি সব কিছু অর্জন করেছেন, দলের জন্য সব দিয়েছেন। আমার চোখে তিনি দীর্ঘ সময় ধরে আর্জেন্টিনার কোচ থাকার যোগ্য।”
ফিদেওর মতে, আগামী বিশ্বকাপেও আলবিসেলেস্তেরা শিরোপার দাবিদার, “আর্জেন্টিনা সবসময়ই ফেভারিট। এই জার্সি পরা মানেই জেতার দায়িত্ব। আর এর পেছনে মূল কারিগর স্কালোনি। তিনি কাউকে ছাড় দেন না, প্রতিদিনের পারফরম্যান্স দেখেন। যে ভালো থাকবে, সেই খেলবে। এটিই দলের প্রতিযোগিতা বজায় রাখে।”
মেসিকে একদিন আর্জেন্টিনার লিগে দেখতে চান ডি মারিয়া, প্রতিপক্ষ নিউওয়েলস ও নিজের দল সেন্ট্রালের চিরপ্রতিদ্বন্দ্বিতার দেয়ালও তার চোখে তখন গুরুত্ব হারায়, “কালার পেরিয়ে এখন ব্যাপারটা জাতীয় গর্বের। গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা দেশে ফিরলে লিগ সমৃদ্ধ হয়।”
শেষ দিকে নিজের ক্যারিয়ার নিয়েও খোলামেলা কথা বলেন ফিদেও,“সবকিছু যেন সিনেমার মতো চলছে। যদি সেন্ট্রালের হয়ে চ্যাম্পিয়ন হতে পারি, তাহলে সেটা হবে আমার স্বপ্নের সমাপ্তি। এক বছরের চুক্তি আছে, দেখা যাক কীভাবে এগোয়।”