একটাই দুঃখ অমিত হাসানের

ঢালিউডের একসময়ের জনপ্রিয় অমিত হাসান এরইমধ্যে চলচ্চিত্রে তিন দশকেরও বেশি সময় পার করেছেন।  পেয়েছেন কোটি দর্শকের ভালোবাসা। তবে তার মনে একটি দুঃখও রয়ে গেছে। দীর্ঘ ক্যারিয়ার সত্ত্বেও অভিনয়ের সর্বোচ্চ রাষ্ট্রীয় স্বীকৃতি জাতীয় চলচ্চিত্র পুরস্কার তিনি পাননি। 

এদিকে অমিত হাসানের আজ ( ৯ সেপ্টেম্বর) অমিত হাসানের জন্মদিন। সুদূর আমেরিকাতে পরিবারের সঙ্গেই ঘরোয়াভাবে দিনটি উদযাপন করবেন বলে জানান অমিত হাসান। জন্মদিনে তিনি সবার দোয়া চান। অমিত হাসান বলেন, ‘যতটুকু হয়েছি আমি তার পুরো কৃতিত্ব আমার মা মালিহা রহমানের। আম্মার উৎসাহ, অনুপ্রেরণাতেই অমিত আমি। আর দর্শকের ভালোবাসা তো রয়েছে। বিশেষ দিনে সবার কাছে পরিবারের জন্য দোয়া চাই। সবাই আমার পাশাপাশি পরিবারের জন্যও দোয়া করবেন।’ 

অমিত হাসান বলেন, ‘অনেক দর্শকপ্রিয় সিনেমা রয়েছে যাতে আমি আমার মতে খুব ভালো অভিনয় করেছি। বিশেষভাবে উল্লেখ করার মতো যদি বলতে হয় তাহলে বিদ্রোহী প্রেমিক, উজান ভাটি, তুমি শুধু তুমি, বিনি সুতার মালা’ সিনেমার কথা বলা যায়। আবার খল অভিনেতা হিসেবে এইতো প্রেম, শাহেনশাহ’র কথাও বলা যায়। কিন্তু কোনোভাবেই ভাগ্যে জুটল না জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তাই কোটি দর্শকের ভালোবাসার মাঝে যে সুখ আছে সেই সুখের মাঝেও প্রায়শই দুঃখ নড়েচড়ে ওঠে। এত বছর ধরে চলচ্চিত্রে নিরলসভাবে শ্রম দিয়ে যাচ্ছি, অভিনয় করে যাচ্ছি। কিন্তু জাতীয় স্বীকৃতি মেলেনি, এটা সত্যিই অনেক কষ্টের, বেদনার।’