‘মেসি বিশ্বকাপ খেলবে’
আর্জেন্টিনা ফুটবলের দুই মহাতারকা লিওনেল মেসি ও অ্যাঞ্জেল ডি মারিয়া। জাতীয় দলের জার্সিতে শিরোপার পর শিরোপা জেতা এই দুই সতীর্থের মধ্যে সম্পর্কটিও খুব বিশেষ। সবশেষ কোপা আমেরিকা শিরোপা জয়ের পর অবসরে যান ডি মারিয়া। তবে টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি স্পষ্ট করে দিলেন, মেসির পথচলা এখনো শেষ হয়নি। বলেন, ‘সে এখনো শেষ করেনি। বিশ্বকাপ খেলবে, আরও ম্যাচ খেলবে। আমি ওকে মেসেজ দিয়েছিলাম, বিদায়টা আসলে বিদায় নয়।’ মেসিকে নিয়ে নিজের অনুভূতিও জানান, ‘ও ইতিহাসের সেরা, সবকিছু জিতেছে। তার সঙ্গে খেলতে পারা আমার সৌভাগ্য।’ নতুনদের নিয়ে বলেন, ‘নতুন প্রজন্ম তৈরি, তারা নিজেরাই পথ চলতে পারবে। নিকো পাজ, গারনাচো, মাসতানতুয়োনো, আলমাদা এই ছেলেরা ভবিষ্যৎ গড়বে। তাদের দেখে আমার গর্ব হয়।’
বন্ধুই যখন প্রতিপক্ষ
বহুল প্রচলিত একটি প্রবাদ রয়েছে বন্ধু যখন শত্রু। এখানে অবশ্য শত্রু না বলে প্রতিপক্ষ বলাটাই সমীচীন। আজ এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আরব আমিরাতের মুখোমুখি হবে ভারত। যেখানে দুই দলে খেলতে দেখা যাবে দুই বাল্যবন্ধু শুবমান গিল ও সিমরানজিত সিংকে। ভারতীয় টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক শুবমানকে চেনেন সবাই, উল্টোদিকে বাঁহাতি স্পিনার সিমরানজিতের জন্ম পাঞ্জাবের লুধিয়ানায়। ছোটবেলায় মোহালিতে পাঞ্জাব ক্রিকেট সংস্থার মাঠে অনুশীলন করতেন তিনি। সেখানেই অনুশীলন করতেন শুবমান। দুজন একসঙ্গে খেলেছেনও অনেক। আমিরাতে ছোটদের কোচিং করাতেন সিমরান। লালচাঁদ রাজপুত দেশটির কোচ হলে যোগাযোগ করেন তিনি। সিমরানের খেলা দেখে পছন্দ হওয়ায় টেনে নেন আমিরাত জাতীয় দলে। এবার তো বন্ধুর বিপক্ষেই মাঠে দেখা যাবে তাকে।
আরও বড় শাস্তি সুয়ারেজের
লিগস কাপের ফাইনালে প্রতিপক্ষের গায়ে থুথু ছিটিয়ে কঠোর শাস্তি পেয়েছেন ইন্টার মায়ামির তারকা লুইস সুয়ারেজ। গত ৩১ আগস্ট সিয়াটল সাউন্ডার্সের বিপক্ষে লিগস কাপ ফাইনালে অসদাচরণের দায়ে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) তাকে ৩ ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। এর আগে লিগস কাপ কর্র্তৃপক্ষ তাকে ৬ ম্যাচ নিষিদ্ধ করেছিল। ৩৮ বছর বয়সী সুয়ারেজ লিগস কাপের শাস্তি ভোগ করবেন আগামী আসরে। আর এমএলএসে শার্লট এফসি, সিয়াটল সাউন্ডার্স এবং ডিসি ইউনাইটেডের বিপক্ষে গুরুত্বপূর্ণ লিগ ম্যাচগুলোতে তাকে দেখা যাবে না। এর আগে ২০১১ সালে বর্ণবাদী মন্তব্যের জন্য ৮ ম্যাচ, ২০১৪ বিশ্বকাপে ইতালির ডিফেন্ডার জিওর্জিও কিয়েলিনিকে কামড়ানোর জন্য চার মাস, লিভারপুলে ব্রানিসøাভ ইভানোভিচকে কামড়ানোর জন্য ১০ ম্যাচ এবং আয়াক্সে ওটম্যান বাক্কালের কাঁধে কামড়ের জন্য ৭ ম্যাচ নিষিদ্ধ হন সুয়ারেজ।