রাঙামাটির কাপ্তাই হ্রদ হতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট দিয়ে তিন ফুট করে পানি ছাড়ার ফলে নদীতে প্রবল স্রোতের কারণে বুধবার সকাল হতে চন্দ্রঘোনা-রাইখালী নৌ রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ফলে নদীর দুই পাশে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী (যান্ত্রিক) রনেল চাকমা বলেন, কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের স্পিওয়ের ১৬টি গেইট ছাড়ার ফলে কর্ণফুলী নদীতে প্রবল স্রোতের কারণে বুধবার সকাল হতে এই নৌ রুটে ফেরি চলাচল আপাতত বন্ধ রয়েছে। স্রোতের গতি কমলে পুনরায় ফেরি চালু করা হবে।
এদিকে হঠাৎ করে ফেরি বন্ধ করে দেয়ায় এই পথ ব্যবহারহারী মানুষ দুর্ভোগে পড়েছেন। ফেরি বন্ধ থাকায় রাঙামাটির সঙ্গে বান্দরবানের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।
প্রসঙ্গত, কাপ্তাই হ্রদের পানি সর্বোচ্চ অবস্থায় থাকায় বাঁধের ১৬টি গেট বর্তমানে তিন ফুট খোলা রাখা হয়েছে। এতে প্রতি সেকেন্ডে ৫৮ হাজার কিউসেক পানি কাপ্তাই হ্রদ থেকে কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এছাড়া বিদ্যুৎকেন্দ্রের পাঁচটি ইউনিট চালু রেখে আরো ৩২ হাজার কিউসেক পানি কর্ণফুলী নদীতে নিষ্কাশন হচ্ছে। এতে কর্ণফুলী নদীতে স্রোত বেড়ে গেছে।