এবার বিকৃত ছবি ফাঁসের হুমকি

 ফাঁস করে দেওয়া হবে ‘অশালীন’ ছবি- হঠাৎ করেই এরকম একটা হুমকি দেওয়া হয়েছে ভারতের বিতর্কিত মডেল উরফি জাভেদকে। ব্যতিক্রমী সাজে নজর কেড়ে বার বার খবরের শিরোনামে উঠে আসেন, পাশাপাশি বিভিন্ন বিষয় নিয়ে স্পষ্ট মতামতও রাখেন তিনি। কিন্তু হঠাৎ হুমকি কেন? স্যোশাল মিডিয়ায় উরফি জানিয়েছেন, এক ব্যক্তি নাকি তার ছবিকে বিকৃত করে সেগুলো ফাঁস করে দিতে চাইছেন। 

এক ব্যক্তির অ্যাকাউন্টের ছবি ভাগ করে নিয়ে তিনি লিখেছেন, ‘এই লোকটি আমাকে হেনস্থা করছে। হুমকি দিচ্ছে, আমার ছবি বিকৃত করে সমাজমাধ্যমে ফাঁস করে দেবে। শুধু তাই নয়, কিছু ছবি বিকৃত করে সে ফাঁস করেও দিয়েছে। একটি ছবি বিকৃত করে আমাকে ইতিমধ্যে পাঠিয়েছে। আমি ভাবতে পারছি না উন্নত প্রযুক্তির এরা কীভাবে অপব্যবহার করছে।’ 

উরফি আরও বলেন, ‘আমি এরইমধ্যে আইনি পদক্ষেপ নেব। আমার মতো আরও যে নারীরা এই সমস্যার সম্মুখীন হয়েছেন তাদের বলব দয়া করে আপনারা এই পরিস্থিতিতে ভয় পাবেন না। আইনি পদক্ষেপ নেবেন। কারণ মনে রাখবেন এক্ষেত্রে আপনি সমস্যা না। এক্ষেত্রে সমস্যা হলো সেই ব্যক্তি যে আপনাকে সমস্যায় ফেলছে এই ভুল কাজের মাধ্যমে।’ 

উরফিকে নিয়ে আলোচনার উৎসই তার ব্যক্তিগত জীবন। কদিন আগে ঠোটের ফিলার্স সরিয়ে মুখ ফুলিয়ে ফেলেছিলেন। এরপর নিজের বিকৃত চেহারার ছবি নিজেই দিয়েছিলেন নেট মাধ্যমে। যা নিয়ে হয়েছিল প্রচুর চর্চা।