হঠাৎ হাসপাতালের বিছানায় ভারতের বহুল চর্চিত মডেল-অভিনেত্রী উরফি জাভেদ। হাতে স্যালাইনের নল, চোখেমুখে অসুস্থতার ছাপ। অভিনেত্রীর এমন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই উদ্বিগ্ন তার অনুরাগীরা। তবে কী কারণে হাসপাতালে যেতে হলেঅ তাকে, সেই প্রশ্নের উত্তর এখনও মেলেনি। নিজের পোস্টেই বিষয়টি জানান উরফি। রসিকতার সুরে তিনি বোঝান, হাসপাতালে ভর্তি হওয়ার ঘটনাটিকে খুব একটা গম্ভীর ভাবে দেখছেন না। এমনকি অস্ত্রোপচারের আগে অজ্ঞান হওয়ার অভিজ্ঞতাকেও মজার বলে উল্লেখ করেছেন অভিনেত্রী। তার পোস্টে ব্যবহৃত একটি গানও নজর কেড়েছে অনুরাগীদের।
তবে উরফির শারীরিক সমস্যাটি ঠিক কী, সে বিষয়ে এখনও পর্যন্ত কোনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি। অভিনেত্রীর টিমের তরফেও কোনও বিবৃতি আসেনি। তাই হাসপাতালে ভর্তি হওয়ার কারণ নিয়ে নানা প্রশ্ন উঠলেও নিশ্চিত ভাবে কিছু বলার মতো তথ্য নেই। স্বাস্থ্য সংক্রান্ত সমস্যার কথা এর আগেও সমাজমাধ্যমে জানিয়েছিলেন উরফি। ২০২৪ সালের শুরুতে হাসপাতালের একটি ছবি প্রকাশ করেছিলেন তিনি। সেই ছবিতে তাঁকে অক্সিজেন সাপোর্টে দেখা গিয়েছিল। কিন্তু সেই সময়ও অসুস্থতার কারণ প্রকাশ করেননি অভিনেত্রী। পরে পোস্টটি সরিয়ে দেওয়া হয়।
কিছু দিন আগেও নিজের মুখ ফুলে যাওয়ার পুরনো সমস্যা নিয়ে কথা বলেছিলেন উরফি। সেই সময় তাঁর চেহারার পরিবর্তন দেখে অনেকের ধারণা হয়েছিল, হয়তো কসমেটিক ফিলারের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণে এমনটা হয়েছিল। কিন্তু সেই দাবি মানেননি অভিনেত্রী। তার বক্তব্য ছিল, অ্যালার্জি, অতিরিক্ত মানসিক চাপ এবং শরীরে কর্টিসলের মাত্রা বেড়ে যাওয়ার মতো কারণের সঙ্গে সমস্যাটির সম্পর্ক ছিল। উরফি আরও জানিয়েছিলেন, বিড়ালের প্রতি তার অ্যালার্জি রয়েছে। মজার বিষয়, তাঁর বাড়িতেই রয়েছে তিনটি পোষ্য বিড়াল। এবার ফের হাসপাতালে ভর্তি হওয়ার ছবি সামনে আসায় স্বাভাবিক ভাবেই তার অনুরাগীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। কিন্তু উরফির অসুস্থতার প্রকৃত কারণ সম্পর্কে অভিনেত্রী নিজে বা তাঁর টিম যতক্ষণ না বিস্তারিত জানাচ্ছেন, ততক্ষণ কোনো জল্পনাকেই সত্যি বলে ধরে নেওয়া যাচ্ছে না।
মারুফের ‘গ্রিন কার্ড’ দেখে আপ্লুত দর্শক
গাছ একটা হত্যা করলে ১০টা জন্ম নেবে