মুন্সীগঞ্জে দুটি গ্যারেজে ডাকাতি, ছয় অটোরিকশা লুট

মুন্সীগঞ্জের সিরাজদীখানে অস্ত্রের মুখে জিম্মি করে পৃথক দুটি অটোরিকশা গ্যারেজে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। এ সময় ছয়টি ব্যাটারিচালিত অটোরিকশা লুটে নিয়েছে ডাকাতদল। 

মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার বাসাইল ইউনিয়নের পলাশপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ওই রাতে সাত থেকে আটজনের একটি ডাকাতদল পলাশপুর বাজারের আবুল হোসেন ও আনাউল্লাহর অটোরিকশা গ্যারেজে হানা দেয়। এ সময় গ্যারেজের শ্রমিক শাকিলকে বেঁধে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে জিম্মি করে। পরে প্রথমে আবুল হোসেনের গ্যারেজ থেকে তিনটি এবং পরে আনাউল্লাহর গ্যারেজ থেকে আরও তিনটি অটোরিকশা লুট করে ডাকাতরা পালিয়ে যায়।

গ্যারেজ মালিক আবুল হোসেন বলেন, প্রতিদিনের জীবিকার ভরসা ছিল এই গ্যারেজ। কিন্তু অটোরিকশা লুট হয়ে যাওয়ায় এখন আমি নিঃস্ব হয়ে গেলাম।

সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবু বকর সিদ্দিক জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। অটোরিকশা উদ্ধারে তৎপরতা চালানো হচ্ছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।