আরব আমিরাতে শুরু হয়ে গেছে এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি। ইতোমধ্যে টুর্নামেন্টে একাধিক দল মাঠে নামলেও বাংলাদেশ দলের প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল হংকংয়ের সঙ্গে ম্যাচ দিয়ে।
এই টুর্নামেন্টে বাংলাদেশ দলের সম্ভাবনা নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। বুধবার মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবি সভাপতি বলেন, “আমার প্রত্যাশা, আমরা অনেক দূর যেতে পারি। টি-টোয়েন্টি এমন একটা ফরম্যাট, যেখানে আগাম কিছু বলা কঠিন। তবুও এই দলটা নিয়ে আমি খুব আত্মবিশ্বাসী।”
বাংলাদেশের সাম্প্রতিক টি-টোয়েন্টি পারফরম্যান্স যথেষ্ট ভালো। সর্বশেষ তিনটি সিরিজে জয় এসেছে দলের ঝুলিতে। অধিনায়ক লিটন দাস এবং ইন-ফর্ম ব্যাটার জাকের আলি স্পষ্ট জানিয়েছেন — তাদের লক্ষ্য শিরোপা জয়। বিসিবি সভাপতিও মনে করেন, দলের বর্তমান মোমেন্টাম এবং প্রস্তুতি সঠিকভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশ অনেক দূর যেতে সক্ষম।
সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম দীর্ঘদিন আইসিসিতে কাজ করেছেন এবং আরব আমিরাতের কন্ডিশন তার চেনাজানা। তার মতে, ব্যাটিং-বোলিংয়ের পাশাপাশি দুটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ দিক এবারের টুর্নামেন্টে ম্যাচের ভাগ্য নির্ধারণ করতে পারে- রানিং বিটুইন দা উইকেট আর ফিল্ডিং। “সব দলই ভালো ব্যাটিং-বোলিং করে, কিন্তু যদি আমরা ফিল্ডিংয়ে ১০ রান বাঁচাতে পারি আর রানিংয়ে বাড়তি ১৫ রান নিতে পারি — এই ২৫ রানই ম্যাচের পার্থক্য হয়ে দাঁড়াবে', বলেছেন বুলবুল।
বাংলাদেশের গ্রুপে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে আফগানিস্তান ও শ্রীলঙ্কা। আফগানিস্তান দীর্ঘদিন ধরে আরব আমিরাতকে নিজেদের হোম ভেন্যু হিসেবে ব্যবহার করে আসছে, ফলে তাদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার বাড়তি সুবিধা থাকবে।
তবুও বুলবুল আত্মবিশ্বাসী বাংলাদেশের স্কিল সেট নিয়ে, “ওদের ঘরের মাঠের সুবিধা থাকবে ঠিকই, কিন্তু আমাদের খেলোয়াড়দের স্কিল এবং মানসিক দৃঢ়তা থাকলে আমরাও ভালো কিছু করতে পারি।”