শিবির নেতাদের অভিনন্দন জানালেন আসিফ নজরুল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করায় শিবিরের নেতাদের অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টা আসিফ নজরুল।

বুধবার এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ডাকসু নির্বাচনে বিজয়ী ছাত্রশিবিরের নেতাদের অভিনন্দন। স্বতন্ত্র প্রার্থী যারা জিতেছেন তাদের অভিনন্দন। অভিনন্দনে এই নির্বাচনের ফলাফল মেনে নেওয়া সকল অংশগ্রহণকারীদের।’

তিনি লিখেছেন, ছাত্রশিবিরের বিশাল বিজয় নিয়ে নানা বিশ্লেষণ চলছে এখন। আমি শুধু একটা কথা বলব। এই নির্বাচনের মাধ্যমে ট্যাগ দেওয়ার রাজনীতির ভূমিধ্বস পরাজয় হয়েছে। হাসিনার আমলে শিবির ট্যাগ নিয়ে অগণিত শিবির কর্মী ও সাধারণ ছাত্রদের প্রতি অমানুষিক নির্যাতন হয়েছে। শিবির সন্দেহে পেটানোর পর পুলিশে সোপর্দের ঘটনা ছিল নিত্যনৈমিত্তিক।’

এসবের প্রতি নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আসিফ নজরুল লিখেছেন, আমি এর তীব্র প্রতিবাদ করেছি। নানা হুমকি ও আক্রমণ এসেছে, কখনো থামিনি। ২০২৪ সালের ফেব্রুয়ারিতে এই থিমের ওপর ‘আমি আবুবকর’ নামের উপন্যাসও লিখেছি। এক বইমেলাতেই এটি ১১ বার মুদ্রণ করতে হয়েছিল। তখন এর কারণ বুঝিনি, এখন বুঝতে পারছি।

শিবিরের নেতাদের গণঅভ্যুত্থানকারী সবাইকে নিয়ে একসাথে কাজ করার আহ্বান জানান তিনি।

আসিফ নজরুল বলেন, ‘সলিমুল্লাহ হলে জুম্মার নামাজ পড়তে যাওয়ার সময়ে হলের ভেতর দিয়ে যেতাম। বারান্দায় চৌকি, মশারি আর ভাঙ্গা টেবিল চেয়ার দেখে বস্তির মতো লাগতো, ক্যান্টিন দেখে মনে হতো লঙ্গরখানা আর রুমগুলোর ভেতর তো উঁকি দিতেই ইচ্ছে হতো না। কতোকিছু নেই আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কত সমস্যা এখানে। আশা করি ফ্যাসিস্টমুক্ত এই বাংলাদেশে ঢাবির অন্তত আবাসিক শিক্ষাথীদের কিছু গুরুতর সমস্যা আপনারা দূর করে যাবেন, দোয়া।’