ফেনীর সোনাগাজীতে ভূমি নিয়ে বিরোধের জেরে বসত ঘরে হামলা চালিয়ে বেদম মারধরের পর জাহেদুল আলম উজ্জ্বল নামে এক চাল ব্যবসায়ীকে পুলিশে সোপর্দ করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেবর) রাতে সোনাগাজী পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের ব্যবসায়ীর নিজ বাড়িতে ঘটনাটি ঘটে। উজ্জল ওই এলাকার মরহুম দেলোয়ার হোসেনের ছেলে।
বুধবার (১০ সেপ্টেম্বর) বিকালে জাহেদুলকে ফেনী মডেল থানা পুলিশ বৈষম্যবিরোধী আন্দোলনে হতাহতের ঘটনায় বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।
ব্যবসায়ী উজ্জলের মা আরবের নেছা বলেন, ‘পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সাইপ্রাস প্রবাসী ইমাম গত বছর চলাচলের জন্য আমাদের ভূমি ব্যবহার করার অনুমতি চান। আমরা ৫ ফুট প্রশস্তের চলাচলের ভূমি দিতে রাজি হলে সে রাস্তা তৈরীর পর ব্যবহার শুরু করে। গত ৬ মাস আগে রাস্তা প্রশস্ত করতে আরও ৫ ফুট ভূমি ছেড়ে দেওয়ার প্রস্তাব করলে আমরা রাজি হয়নি। এ নিয়ে তার সাথে আমার ছেলের বিরোধ শুরু হয়। সেই বিরোধকে কেন্দ্র করে গতকাল রাতে তার ইন্ধনে একদল ব্যক্তি আমাদের বাড়িতে ডুকে আমার ছেলেকে বেদম মারধর শুরু করে। আমরা তাদের প্রতিহত করতে ব্যর্থ হয়ে চিৎকার শুরু করলে তারা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা ফের আমার ছেলেকে মারধর করে। একপর্যায়ে তারা আমার ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করলে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। এসসয় তারা বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে ভিডিও ফুটেজ নিয়ে চলে যায়।’
তিনি আরও বলেন, ‘আমার ছেলের নামে কোন মামলা নেই, কোন রাজনৈতিক দলের সাথে জড়িত ছিল না। আমার ছেলে মারধরের শিকার হলেও কোন বিচার না করে পুলিশ উল্টো আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে।’
স্থানীয়রা জানায়, ভূমি বিরোধের জেরে উজ্জলকে মারধর করে পুলিশের হাতে তুলে দিয়েছে দুর্বৃত্তরা। উজ্জল বনেদি ব্যবসায়ী পরিবারের সন্তান। কোন রাজনৈতিক দলের সাথে কখনো জড়িত ছিলেন না।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বায়েজিদ আকন্দের সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হন নি।