নেপালে জেনজি রেভ্যলুশনের ফলে আটকে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দল এবং সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবাইকে নিরাপদে দেশে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালানো হচ্ছে। দেশের সরকার এবং নেপালে বাংলাদেশ হাইকমিশনের এ উদ্যোগের ফলে আজ বেলা সাড়ে এগারোটায় একটি বিশেষ ফ্লাইটে নেপালে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। নেপালস্থ বাংলাদেশ হাইকমিশনের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে দেশ রূপান্তর।
নেপালের চলমান বিপ্লবের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গত ৯ সেপ্টেম্বর দুদেশের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি স্থগিত হয়। ওই দিনই বিশেষ ব্যবস্থায় দেশে ফেরানোর চেষ্টা করা হয় জামাল-তপুদের। সংঘাত তীব্র হওয়ায় ব্যর্থ হয় সে প্রচেষ্টা। সেই থেকে হোটেলেই রয়েছে বাংলাদেশের জাতীয় ফুটবলারসহ ওই সংবাদ সংগ্রহে যাওয়া সাংবাদিকরা। তাদের ফিরিয়ে আনার জন্য জোর চেষ্টা চালিয়ে যাচ্ছিলো বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
অবশেষে সে চেষ্টায় ফল আসতে চলেছে। বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে আজ বেলা সাড়ে এগারোটায় নেপালে আটকে থাকা বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার কথা রয়েছে। এ সংক্রান্ত প্রয়োজনীয় অনুমতি পেলেই দেশে ফিরবেন জামালরা। তাদেরকে প্রস্তুত হয়ে থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ সরকার, বাফুফে, নেপালস্থ বাংলাদেশ হাইকমিশন এবং বিমান বাংলাদেশ, নেপাল সরকারের প্রয়োজনীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে।