বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুরে একটি সুতা কারখানার শ্রমিকরা তাদের বকেয়া বেতন পাওয়ার দাবিতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকায় শিনইউয়েন (বুলবুল নিট) কারখানার শ্রমিকরা সড়কে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন। এতে ব্যস্ততম মহাসড়ক সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে।

শ্রমিকরা অভিযোগ করেছেন, কারখানার কর্তৃপক্ষ কয়েক মাস ধরে তাদের বেতন দিচ্ছেন না। বহুবার কারখানার মালিক বা পরিচালকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো সাড়া পাননি। বাধ্য হয়ে আজ তারা কাজে এসে বকেয়া বেতন চেয়ে সড়ক অবরোধ করেছেন।

নারী শ্রমিক আমেনা খাতুন বলেন, ‘আমাদের আর কোনো দাবি নেই, শুধু আমাদের বেতন চাই। বেতন না পেলে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’

আরেক শ্রমিক সুরুজ মিয়া জানান, ‘পরিবার নিয়ে কষ্টের মধ্যে আছি। বেতন না পেলে ঘর ভাড়া দিতে পারব না, মালিক আমাদের বের করে দেবে। স্ত্রী ও সন্তান নিয়ে রাস্তায় ঘুরতে হবে।’

শ্রমিক আন্দোলনের কারণে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীরা চরম অসুবিধায় পড়েছেন। পরিস্থিতি স্বাভাবিক করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করছে।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, ‘অবরোধের খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেছি। আশা করি খুব দ্রুত পরিস্থিতি স্বাভাবিক হবে।’