‘হিজবুল্লাহ কোনো মূল্যে আত্মসমর্পণ করবে না’

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, ১০:০৫ এএম

হিজবুল্লাহর মহাসচিব শেখ নাঈম কাসেম দৃঢ়ভাবে জানিয়েছেন, প্রতিরোধ বাহিনী কখনোই আত্মসমর্পণ করবে না এবং ইসরায়েলি আগ্রাসনের সামনে নত হওয়ার কোনো প্রশ্নই নেই।

বুধবার (১০ সেপ্টেম্বর) মহানবী হযরত মোহাম্মদ (সা.)-এর জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রচারিত এক টেলিভিশন ভাষণে তিনি এই অবস্থান স্পষ্ট করেছেন।

ভাষণে তিনি বলেন, ‘লেবাননের মূল লক্ষ্য হলো সকল লেবানিজ নাগরিকের জন্য একটি জাতি গঠন করা।’

শেখ কাসেম আরও জোর দিয়ে বলেন, ‘হিজবুল্লাহ লেবানন ও তার ভূখণ্ড রক্ষার জন্য নিজেদের নেতাদের বলিদান দিয়েছে।’

তিনি বলেন, ‘প্রতিরোধ বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়িয়েছে এবং তাদের লক্ষ্য অর্জনে বাধা দিচ্ছে।’

লেবানন সরকারের প্রতি আহ্বান জানিয়ে হিজবুল্লাহ প্রধান বলেন, ‘ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিতে হবে। যুক্তরাষ্ট্র চায় ইসরায়েল লেবাননকে নিয়ন্ত্রণ করুক।’

নেতার বক্তব্য অনুযায়ী, ‘যুক্তরাষ্ট্র ও ইসরায়েল চায় না যে লেবাননের কোনো সামরিক শক্তি থাকুক।’

তিনি পুনরায় জোর দিয়ে বলেন, ‘হিজবুল্লাহ কোনো মূল্যে আত্মসমর্পণ করবে না। মার্কিন-ইসরায়েলি আগ্রাসন রোধ করতে লেবাননের জাতীয় ঐক্য অপরিহার্য।’

নাঈম কাসেম জানিয়েছেন, ইসরায়েলি আগ্রাসন রোধের জন্য সব রাজনৈতিক দলের সঙ্গে সহযোগিতায় প্রস্তুত হিজবুল্লাহ।

এছাড়া তিনি মঙ্গলবার কাতারের দোহায় ইসরায়েলি বিমান হামলার প্রসঙ্গ তুলে সতর্কবার্তা দিয়েছেন যে, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত পরবর্তী লক্ষ্য হতে পারে।

হিজবুল্লাহ প্রধান আরও বলেন, ‘গ্রেটার ইসরায়েল’ পরিকল্পনার অংশ হিসেবে একদিন তেল আবিব থেকে শুরু করে সৌদি আরব এবং ইউএই-তেও হামলা হতে পারে।

তিনি দাবি করেন, ‘ইসরায়েলকে এ পর্যন্ত শুধু প্রতিরোধই থামিয়ে রেখেছে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত