ডাকসুর ভিপি প্রার্থী জালাল জামিনে মুক্ত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র ভিপি পদে প্রতিদ্বন্দ্বী জালাল আহমদ, যিনি ‘জ্বালাময়ী জালাল’ নামে পরিচিত, তিনি জামিন পেয়েছেন। 

রুমমেটকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের হওয়া মামলায় বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন মঞ্জুর করেন।

আদালতে জালালের পক্ষে আইনজীবী রফিকুল ইসলাম হিমেল জানান, তার মক্কেলকে রাজনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। ঘটনার সময় তিনি উপস্থিত ছিলেন না এবং অভিযোগ প্রমাণের মতো কোনো সুনির্দিষ্ট প্রমাণ নেই। তিনি আরও উল্লেখ করেন, জালাল আসন্ন বিসিএস পরীক্ষায় অংশ নেবেন, তাই শর্তসাপেক্ষে জামিন দেওয়া উচিত।

অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। তবে উভয় পক্ষের শুনানি শেষে বিচারক ৫ হাজার টাকার মুচলেকায় পরীক্ষার অ্যাডমিট কার্ড বা রুটিন উপস্থাপনের শর্তে জামিন মঞ্জুর করেন।

নির্বাচনের মাত্র দুই দিন পর ভিপি প্রার্থী হিসেবে আলোচনায় আসা জালালের জামিন পাওয়া ক্যাম্পাসে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।