ফটিকছড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিক্ষকের মৃত্যু

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার হারুয়ালছড়ি ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন মো. সানাউল্লাহ (২৭) নামের এক মাদ্রাসাশিক্ষক। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভূজপুর এলাকায় ওই শিক্ষকের বাড়িতে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সানাউল্লাহ ভূজপুর এলাকার নুরুল ইসলামের ছেলে। তার সহকর্মী মাওলানা নিজাম উদ্দিন জানান, সকালে পুকুর থেকে মাছ ধরার পর বাড়িতে গোসলের প্রস্তুতি নিচ্ছিলেন সানাউল্লাহ। এ সময় পানির পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। গুরুতর আহত অবস্থায় দ্রুত ভূজপুরের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। তিনি শাহনগর ইসলামিয়া হাফেজিয়া মাদ্রাসায় শিক্ষকতা করতেন।