রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নমত থাকলেও আগামী বছরের ১৫ ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, নির্বাচনের সময় পেছানোর কোনো সম্ভাবনা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে। এটি আমাদের অন্তর্বর্তী সরকারের একটি কমিটমেন্ট।
আজ শুক্রবার মাগুরার শ্রীপুর উপজেলায় মুসলিম রেনেসাঁর কবি ফররুখ আহমেদের গ্রামের বাড়ি পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, দল থাকলে মতপার্থক্য থাকবেই। না হলে ভিন্নদল কেন হয়? আপনি যদি আমার মতোই হবেন তাহলে তো আপনি আমার দলই করবেন। সেজন্য রাজনৈতিক দলের মধ্যে ভিন্নমত থাকবেই। কিন্তু আমরা আবারও বলছি, নির্বাচন ফেব্রুয়ারির ১৫ তারিখের মধ্যেই হবে।
আগামী জাতীয় নির্বাচনটি দেশের জন্য গুরুত্বপূর্ণ জানিয়ে প্রেস সিচব বলেন, বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে এই নির্বাচনটা খুবই গুরুত্বপূর্ণ একটি নির্বাচন। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টা বলেছেন, এটা একটি ফাউন্ডেশনাল ইলেকশন। এটি সামনের নির্বাচনগুলোকে দিকনির্দেশনা দেবে এবং বাংলাদেশের রাজনীতিকেও সামনে এগিয়ে নেওয়ার দিকনির্দেশনা দেবে। তাই এই নির্বাচন ফেব্রুয়ারি প্রথমার্ধে হবে বলে জানান তিনি।