গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪৫ জন। এ সময়ে ডেঙ্গুতে কারও মৃত্যু না হওয়ায় চলতি বছর এ রোগে মৃত্যুর সংখ্যা ১৪৫ জনেই স্থির রয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে ভর্তি হওয়া রোগীদের বিভাগভিত্তিক একটি পরিসংখ্যানও দেওয়া হয়। তাতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৯ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৬ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪০ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৬৭ জন ও ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১২ জন রয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় আরও ২৮৪ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত মোট ৩৫ হাজার ২৯ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৩৬ হাজার ৯২৭ জন। আক্রান্তদের মধ্যে ৬০ দশমিক ১ শতাংশ পুরুষ ও ৩৯ দশমিক ৯ শতাংশ নারী।