চট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার ধাক্কা দিলে শিশুসহ দুইজন নিহত হয়েছে। এ সময় আরও চারজন আহত হন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।
ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা ঘটনাস্থলে এগিয়ে আসে। তারা আহত ও নিহতদের উদ্ধার করে।
নিহতরা হলেন গোলাম সরওয়ার (৪২) ও তার তিন বছরের কন্যা মুসকান। আহতরা হলেন নিহত গোলাম সরওয়ারের স্ত্রী উম্মে সালমা (৩২), ছেলে আহমেদ ইমতিয়াজ (৯), গোলাম সরওয়ারের বন্ধু সাগর (৩০) ও গাড়ি চালক গিয়াস উদ্দিন (৩০)। আহতদের মধ্যে সাগর ও গিয়াস উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ও আহতরা সকলেই রাজধানীর উত্তরা ১০ নম্বর সেক্টরের বাসিন্দা।
প্রাথমিকভাবে জানা গেছে, শুক্রবার ভোরে গোলাম সরওয়ার তার পরিবার নিয়ে ঢাকা থেকে চট্টগ্রামের বিভিন্ন পর্যটন স্থান ভ্রমণের জন্য বের হন। তাদের চট্টগ্রামের ফয়েস লেক ঘুরে কক্সবাজার যাওয়ার পরিকল্পনা ছিল। পথিমধ্যে মিরসরাইয়ের ঠাকুরদীঘি এলাকায় পৌঁছালে তাদের গাড়ির চালক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানের পেছনে সজোরে ধাক্কা দেন।
জোরারগঞ্জ হাইওয়ে থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন ঘটনা নিশ্চিত করে বলেন, চট্টগ্রামমুখী প্রাইভেটকার (ঢাকা মেট্রো ঘ-১৩-৭৩৪৮) নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ড ভ্যানের (ঢাকা মেট্রো উ-১১-৭১৬৮) পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও চারজন আহত হন। আহতদের উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে দু’জনের অবস্থা গুরুতর হওয়ায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।’
তিনি আরও জানান, দূর্ঘটনায় জড়িত গাড়ি দু’টি উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।