জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) নির্বাচনের ফলাফল দ্রুত প্রকাশের দাবি তুলেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। তাঁর অভিযোগ, ভোট গণনায় অযথা বিলম্ব ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা চলছে, যা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোনোভাবেই মেনে নেবে না।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ‘স্পষ্ট বক্তব্য’ শিরোনামের পোস্টে তিনি এসব মন্তব্য করেন।
জাহিদুল ইসলামের ভাষায়, জাকসু নির্বাচনকে ঘিরে গভীর ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। তিনি বলেন, একটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে এমন পক্ষপাতমূলক রাজনৈতিক নোংরামি কেউ প্রত্যাশা করে না। ভোট গণনার ধীরগতির মাধ্যমে এখন পর্যন্ত নির্বাচন বানচাল করার প্রয়াস চালিয়ে যাওয়া হচ্ছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এটা মেনে নেবে না।
তিনি আরও লিখেছেন, আমাদের স্পষ্ট বক্তব্য, দ্রুত সময়ের মধ্যে শিক্ষার্থীদের প্রদত্ত ভোটের আলোকে ফল ঘোষণা করতে হবে। অন্যথায় উদ্ভূত পরিস্থিতির দায় বিশ্ববিদ্যালয় প্রশাসনকে নিতে হবে। পাশাপাশি অন্তর্বর্তীকালীন সরকারও এই দায় এড়াতে পারবে না।