সেপ্টেম্বরে ফিফা উইন্ডো থাকায় বিরতি ছিল ইউরোপের শীর্ষ পাঁচ লিগে। গতকাল তিনটি লিগের খেলা শুরু হলেও বড় দলগুলো মাঠে নামেনি। আজ আছে বড় দলগুলোর ম্যাচ। ২০২৫-২৬ লিগ মৌসুম শুরু হয়েছে আগস্ট মাসে তাই খুব বেশি রাউন্ড হয়নি। আগামী মঙ্গলবার থেকে শুরু হয়ে যাবে ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগের লিগ পর্বের লড়াই। তাই যে দলগুলো চ্যাম্পিয়নস লিগে আছে তাদের জন্য এই সপ্তাহে নিজ নিজ লিগের খেলাগুলো বলতে গেলে প্রস্তুতি নেওয়ার। ফিফা উইন্ডোর বিরতির পর দলের কম্বিনেশন ফের ঠিক করা, কৌশল ঝালিয়ে নেওয়াই হবে বড় দলগুলোর কাজ। তবে লিগ যেমন শুরুর দিকে, চ্যাম্পিয়নস লিগেও মৌসুমের প্রথম ম্যাচ হবে এই সপ্তাহে, তাই দুই খেলাকেই গুরুত্ব দেবেন দলের কোচরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে টেবিলের তিনে থাকা আর্সেনাল এমিরেটসে খেলবে নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে। গেল মৌসুমে নিজেদের মাঠে আর্সেনাল ৩-০ তে হারিয়েছিল নটিংহ্যামকে। তবে সবশেষ দেখায় তাদের বিপক্ষে জিততে পারেনি গানার্সরা। গেল ফেব্রুয়ারিতে নটিংহ্যামের মাঠে এই দুই দলের খেলা গোলশূন্য ড্র হয়েছিল। টটেনহ্যামের সাবেক কোচ আঙ্গে পোস্তেকোগলু সম্প্রতি দায়িত্ব বুঝে নিয়েছেন ফরেস্টের। এই ম্যাচ দিয়েই প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় অধ্যায় শুরু করবেন তিনি।
আর্সেনালের মতো ৬ পয়েন্ট পাওয়া টটেনহ্যাম, চেলসি, এভারটন, বোর্নমাউথ, সান্ডারল্যান্ডেরও আজ ম্যাচ আছে। ওয়েস্টহ্যামের মাঠে খেলবে টটেনহ্যাম। অ্যাওয়ে ম্যাচে ব্রেন্টফোর্ডের বিপক্ষে খেলবে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকা চেলসি। আর্সেনাল, চেলসি, টটেনহ্যাম আছে এবারের চ্যাম্পিয়নস লিগে। আছে ম্যানসিটি, লিভারপুল, নিউক্যাসলও।
স্প্যানিশ লিগে আজ রিয়াল মাদ্রিদ খেলবে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে। লিগে প্রথম তিন ম্যাচের সবগুলো জিতে গোল ব্যবধানে এগিয়ে থেকে শীর্ষে আছে জাবি আলোনসোর দল। সোসিয়েদাদের বিপক্ষে গেল মৌসুমে চার দেখায় তিনটিতেই জিতেছে রিয়াল মাদ্রিদ। তাই ফেভারিট হিসেবেই খেলতে নামবেন এমবাপ্পে-ভিনিসিয়ুসরা। রিয়ালের মতোই প্রথম তিন ম্যাচে জয় পাওয়া অ্যাথলেটিক বিলবাও আজ খেলবে আলাভেসের বিপক্ষে। আর আতলেতিকো মাদ্রিদ ভিয়ারিয়ালের বিপক্ষে। রিয়াল মাদ্রিদ, বিলবাও, আতলেতিকো, ভিয়ারিয়াল চারটি ক্লাবই আছে এবারের চ্যাম্পিয়নস লিগে। উয়েফার সেরা ক্লাব টুর্নামেন্টে স্পেনের আরেক দল বার্সেলোনা।
ইতালিয়ান লিগে আজ বড় ম্যাচ আছে। নিজেদের মাঠে জুভেন্তাস আতিথেয়তা দেবে ইন্তার মিলানকে। লিগের জন্য এই ম্যাচ গুরুত্বপূর্ণ। এই দুই দল আছে চ্যাম্পিয়নস লিগেও। ফলে নিজেদের মধ্যে ম্যাচ খেলে প্রস্তুতিটা ভালোই হবে দুদলের। চ্যাম্পিয়নস লিগে থাকা নাপোলিরও খেলা আছে আজ। জার্মান লিগ থেকে সবসময় চ্যাম্পিয়নস লিগে ফেভারিট দুই দল হলো বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড। দুটি দলেরই ম্যাচ আছে আজ। ডর্টমুন্ড খেলবে হাইডেনহেইমের মাঠে আর বায়ার্ন আতিথেয়তা দেবে হামবুর্গকে। লিভারপুল, ম্যানসিটি, বার্সেলোনা, পিএসজির লিগের ম্যাচ আছে আগামীকাল রবিবার। চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরুর আগে লিগ ম্যাচে নিজেদের ঝালিয়ে নেবে তারাও।