জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে অব্যবস্থাপনা ও ফলাফল ঘোষণা না হওয়ায় রাজধানীতে বিক্ষোভ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক সিবগাতুল্লাহ। তিনি বলেন, শুরুতে ধারণা করা হয়েছিল ডাকসুর মতো জাকসুতেও অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বাস্তবে প্রশাসনের পক্ষ থেকে নানা গড়িমসি দেখা যাচ্ছে। এর মধ্যে ছাত্রদল বহিরাগতদের নিয়ে মিছিল করেছে এবং তাদের এক নেতাকে গ্রেপ্তারও করা হয়েছে।
তিনি আরও বলেন, কিছু বিএনপিপন্থি শিক্ষক হঠাৎ করেই নির্বাচন প্রক্রিয়া থেকে সরে দাঁড়িয়েছেন, যা দুঃখজনক। জুলাই মাসের আন্দোলনে যেভাবে শিক্ষকদের বড় ভূমিকা ছিল, সেভাবে আবারও দায়িত্বশীল ভূমিকা রাখার জন্য তিনি আহ্বান জানান।