সাংবাদিক শিবলীর পরিবারের পাশে শিবির-ডাকসুর নেতারা

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম ও জিএস এস এম ফরহাদ নির্বাচনের দিন দায়িত্ব পালনকালে মৃত্যুবরণকারী সাংবাদিক তারিকুল শিবলীর পরিবারের বাসায় যান। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পক্ষ থেকে পরিবারটিকে দুই লাখ টাকার আর্থিক সহায়তা দেওয়া হয় এবং ভবিষ্যতেও পাশে থাকার প্রতিশ্রুতি জানানো হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলামসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাতের এক ফেসবুক পোস্টে এই তথ্য জানান ডাকসুর সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সভাপতি এস এম ফরহাদ। 

তিনি উল্লেখ করেন, সংবাদ সংগ্রহের দায়িত্ব পালন করতে গিয়ে তারিকুল শিবলী মৃত্যুবরণ করেছেন। তিনি দুই সন্তান রেখে গেছেন—চার বছরের আয়াত এবং দেড় বছরের আজমীন।

ফরহাদ তাঁর পোস্টে লেখেন, কথোপকথনের সময় ছোট্ট আয়াত জানিয়েছে, ‘আমার বাবাকে আল্লাহ নিয়ে গেছেন, তিনি এখন সুন্দর জায়গায় আছেন। বাবা ফিরবেন না, তাই আমি মা আর ছোট বোনের খোঁজ রাখবো।’

শিশুটির এই মর্মস্পর্শী কথা তুলে ধরে ফরহাদ জানান, প্রাথমিকভাবে ছাত্রশিবিরের পক্ষ থেকে শিশুদের দেখাশোনার জন্য দুই লাখ টাকা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতে প্রয়োজনমতো সহায়তা অব্যাহত রাখার অঙ্গীকার করা হয়েছে। একই সঙ্গে তিনি শিশুদের জন্য সবার কাছে দোয়া করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত