বাংলাদেশ হাইকমিশনের বরাতে জানা গেছে, লন্ডনে অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলমের গাড়িতে নয়, হাইকমিশনের দুটি খালি গাড়িতে ডিম ছোড়া হয়েছে।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে হাইকমিশনের যাচাই করা ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
হাইকমিশনের বিবৃতিতে বলা হয়, সেদিন বিকেল চারটায় লন্ডনের ইউনিভার্সিটি অব লন্ডনের স্কুল অব আফ্রিকান অ্যান্ড ওরিয়েন্টাল স্টাডিজে (SOAS) জুলাইয়ের গণঅভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে একটি অনুষ্ঠান হয়। এই আয়োজন ছিল হাইকমিশন ও SOAS-এর যৌথ উদ্যোগে। মাহফুজ আলম যথাসময়ে অনুষ্ঠানে যোগ দেন।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, আওয়ামী লীগের প্রায় ১৮ জন কর্মী সোয়াস ক্যাম্পাসের সামনে স্লোগান দিতে থাকেন। পুলিশের কঠোর নিরাপত্তার কারণে উপদেষ্টার গাড়ি নির্বিঘ্নে ভেতরে প্রবেশ করে। পরে উপদেষ্টা ও হাইকমিশনের কর্মকর্তারা ভেতরে অবস্থানকালে পার্কিং এলাকায় রাখা অপেক্ষমাণ গাড়ির ওপর ডিম ছোড়া হয়।
অনুষ্ঠান শেষে মাহফুজ আলম ও কর্মকর্তারা একাধিক গাড়িতে ক্যাম্পাস ত্যাগ করেন। তাদের প্রস্থানের পর হাইকমিশনের দুটি খালি গাড়ি বের হওয়ার সময় কয়েকজন ব্যক্তি রাস্তায় শুয়ে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করে এবং আরও কয়েকজন খালি গাড়ি দুটিতে ডিম নিক্ষেপ করে। পুলিশ দ্রুত ওই ব্যক্তিদের সড়ক থেকে সরিয়ে দেয়।
পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে মাহফুজ আলম নির্ধারিত সময়ে বাংলাদেশ হাইকমিশনে আরেকটি মতবিনিময় সভায় যোগ দেন। এতে বিভিন্ন রাজনৈতিক দল, শিক্ষার্থী ও সাংবাদিকদের প্রতিনিধি উপস্থিত ছিলেন। লন্ডন মেট্রোপলিটন পুলিশ হাইকমিশনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং উপদেষ্টার পূর্ণ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দিয়েছে।