সাবেক ডিআইজি নাহিদুল ইসলাম গ্রেপ্তার

পুলিশের সাবেক ডিআইজি একেএম নাহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে তাকে ইস্কাটন থেকে আটক করা হয়। বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয় থেকে আদালতে নেওয়া হয়েছে। 

ডিবি প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা রয়েছে। সেই মামলায় ইতিমধ্যে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। এর প্রেক্ষিতেই তাকে আটক করে ডিবি। রাতে তাকে ডিবি কার্যালয়ে রাখার পর আজ শনিবার (১৩ সেপ্টেম্বর) তাকে আদালতে উপস্থাপন করা হবে।

সূত্র বলছে, নাহিদুল ইসলাম এক সময় মেহেরপুরের পুলিশ সুপার ছিলেন। ওই সময় জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমির মরহুম ছমির উদ্দিনের জ্যেষ্ঠ পুত্র ও জামায়াত নেতা তারিক মোহাম্মদ সাইফুল ইসলাম নিহত হন। আলোচিত সেই হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত করা হয় তৎকালীন পুলিশ সুপার নাহিদুল ইসলামকে।

এদিকে, গত ২৮ জুলাই ডিআইজি নাহিদুল ইসলামসহ চারজনকে বাধ্যতামূলক অবসর দেয় সরকার। নাহিদুল ইসলাম বিসিএস পুলিশ ক্যাডারের ১৮তম ব্যাচের কর্মকর্তা।