বিগত ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। তবে দীর্ঘ সময় পর নির্বাচন আয়োজনের অভিজ্ঞতা না থাকায় ফলাফল প্রকাশে বিলম্ব হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্য সচিব এ কে এম রাশেদুল আলম।
শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ফল প্রকাশ বিলম্বের কারণ নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
জাবি প্রক্টর বলেন, বিশ্ববিদ্যালয়ে গত ৩৩ বছরে আমরা জাকসু নির্বাচন দেখিনি, তাই আমাদের অভিজ্ঞতাও কম। এ নির্বাচনে শিক্ষার্থীরা অংশগ্রহণ করেছেন। কোনো প্রকার ভ্রান্তি বা সংশয় যাতে না থাকে, সেজন্য প্রত্যেকটি ব্যালট সঠিকভাবে পরীক্ষা করা হচ্ছে। এরপর তথ্য বিশ্লেষণ করে চূড়ান্ত ফলাফল তৈরি করা হবে। এ কারণে সময় বেশি লাগছে।
তিনি আরও বলেন, অভিজ্ঞতা কম, নিখুঁতভাবে করতে হলে সময়ের প্রয়োজন। এখানে তড়িঘড়ি করেও কিছু করা যাবে না। প্রত্যেকটি ভোট অত্যন্ত মূল্যবান। এখান থেকে যে ফলাফল আসবে, তা সুন্দর, গোছানো ও যুক্তিযুক্ত হবে।
এদিকে, জাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান জানিয়েছেন, ভোট গণনা দুপুরে শেষ হলেও ফলাফল প্রকাশ করা হবে সন্ধ্যা সাতটায়।