নেত্রকোনার খালিয়াজুড়ির ধনু নদীতে স্পিডবোট ডুবে তিন শিশুসহ চারজনের নিখোঁজের প্রায় ২২ ঘণ্টা পর ঐশা আক্তার (৭) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শনিবার ( ১৩ সেপ্টেম্বর) দুপুরে খালিয়াজুরী ইটনা সংযোগস্থলের গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকার ধনু নদ থেকে মরদেহ উদ্ধার করে ডুবুরি দল।
তবে এখনো নিখোঁজ রয়েছে দুই শিশুসহ এক নারী। তাদের উদ্ধারেও সকাল থেকে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে ময়মনসিংহ সার্ভিস স্টেশনের ডুবরি দল।
এর আগে শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকালে উপজেলার গাজীপুর ইউনিয়নের পাঁচহাট চরপাড়া এলাকায় ধনু নদে মাছ ধরার নৌকার ধাক্কায় স্পিডবোট উল্টে তিন শিশুসহ এক নারী নিখোঁজ হয়।
স্থানীয়রা জানায়, নিখোঁজ সবাই বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে নেত্রকোনার খালিয়াজুরি থেকে স্পিডবোটে করে কিশোরগঞ্জের ইটনা উপজেলায় যাওয়ার পূর্বে স্পিডবোট নিয়ে ধনু নদে ঘুরতে বের হয়েছিলেন। এ সময় মাছ ধরার নৌকার সাথে সংঘর্ষের ঘটনা ঘটলে ডুবে যায় স্পিডবোটটি। কয়েকজন সাঁতারে পাড়ে উঠলেও পানিতে তলিয়ে যায় তিন শিশুসহ এক নারী।
এদিকে শুক্রবার বিকালেই গুরুতর আহত বয়রা গ্রামের হেলিম মিয়ার স্ত্রী রোজিনা আক্তারকে (৩০) উদ্ধার করে কিশোরগঞ্জের ইটনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয় স্বজনরা।
নেত্রকোনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, ময়মনসিংহ থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল ঘটনাস্থলে এসে সকাল থেকে উদ্ধার কাজ করছে। এখন পর্যন্ত ঐশা আক্তারকে উদ্ধার করা হয়েছে। নিখোঁজ এখনো দুই শিশু এক নারীকে উদ্ধারে তৎপরতা চালাচ্ছে ডুবুরি দল। তবে নদীতে স্রোত থাকায় উদ্ধারের কাছে কিছুটা বেগ পেতে হচ্ছে ডুবুরি দলের সদস্যদের।