হাজংদের মাতৃভাষা রক্ষায় বই প্রকাশ করেছেন ডেপুটি স্পিকার

আপডেট : ১৮ অক্টোবর ২০২৬, ০৯:২৬ পিএম

হাজং সম্প্রদায়ের মাতৃভাষা সংরক্ষণে ব্যক্তিগত উদ্যোগে একটি বই প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল।

রবিবার (১৯ অক্টোবর) বিকেলে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর উচ্চ বিদ্যালয় মাঠে মঙ্গল সরকার স্মৃতি জাতীয় হাজং ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, হাজং সম্প্রদায়ের মাতৃভাষা রক্ষায় তিনি ব্যক্তিগতভাবে একটি বই প্রকাশ করেছেন। তিনি সবাইকে নিজ নিজ উদ্যোগে বইটি সংগ্রহ করে শিশুদের পড়তে দেওয়ার আহ্বান জানান, যাতে কালের বিবর্তনে হাজং ভাষা সমাজ ও দেশ থেকে হারিয়ে না যায়।

তিনি আরও বলেন, সবাই প্রমিত বাংলায় কথা বলবেন, তবে নিজস্ব মাতৃভাষা যেন বিলুপ্ত না হয়, সে জন্যই তাঁর এ উদ্যোগ। বইটি হাজং সম্প্রদায়ের মাতৃভাষা সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। পাশাপাশি সবার ঘরে ঘরে বইটি পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন বলেও জানান তিনি।

হাজং স্টুডেন্ট কাউন্সিলের (হাসুক) আয়োজনে গত ১৬ অক্টোবর থেকে ১৬টি দলের অংশগ্রহণে এ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়। রোববারের ফাইনালে টঙ্গী একাদশ ও গিলাগড়া একাদশ প্রতিদ্বন্দ্বিতা করে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন— কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) মো. শামছুজ্জামান আসিফ, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও লেংগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান ভূঁইয়া, খারনৈ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওবায়দুল হক, আয়োজক কমিটির সভাপতি তপন হাজং এবং সাধারণ সম্পাদক নাঈম হাজং প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত