লিওনেল মেসির সপ্তম ব্যালন ডি’অর জয়ের পর তাঁর বাড়িতে গিয়ে সাক্ষাৎকার নিয়েছিলেন ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-এর প্রধান সম্পাদক ফ্রাঙ্ক সেগুইন। এবার সেই অভিজ্ঞতার এক অজানা গল্প শেয়ার করলেন তিনি।
সেগুইন জানালেন, ২০২১ সালে প্যারিসে মেসির বাসায় গিয়ে সাক্ষাৎকার শুরুর আগেই এক অদ্ভুত অনুরোধ করেছিলেন আর্জেন্টাইন তারকা— বাড়ির ভেতরে ঢুকতে হলে জুতো খুলে শুধু মোজা পরে ঢুকতে হবে। “আমরা যখন ওর বাড়িতে গেলাম, মেসি আমাদের বলল, জুতো খোলা রাখতে হবে। ও নিজেও শুধু মোজা পরে ছিল। মুহূর্তেই যেন ভীষণ সাধারণ পরিবেশ তৈরি হলো। মনে হচ্ছিল দাদির বাড়িতে এসেছি আর উনি বলছেন— জুতো খুলে ঢুকো,” স্মৃতিচারণ করেন সেগুইন।
সেই দিনই তোলা হয়েছিল মেসির বিখ্যাত ছবিগুলো, যেখানে তাঁকে দেখা যায় সাতটি ব্যালন ডি’অর ট্রফির সঙ্গে। শুরুতে এটি ছিল “একটু পাগলামি” ভাবনা, বলছিলেন সেগুইন, কিন্তু শেষ পর্যন্ত বাস্তবে রূপ নেয়। ২০২৩ সালে এসে অষ্টম ব্যালন ডি’অরও জিতেছেন মেসি।
সেগুইনের প্রিয় ছবির একটি ছিল মেসির গভীর চিন্তামগ্ন ভঙ্গিতে ট্রফির দিকে তাকানো। তাঁর মতে, “মনে হচ্ছিল, মেসি ওই মুহূর্তে নিজের পুরো পথচলা আর সংগ্রাম ভেবে দেখছিল। খুবই আন্তরিক এক ছবি।”
মেসির খোলামেলা স্বীকারোক্তি
সাক্ষাৎকারে মেসি বলেছিলেন, “আমি আমার জীবনে যা কিছু ঘটেছে, তাতে খুশি। তবে মাঝে মাঝে মনে হয়, সাধারণভাবে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাই, কাউকে না চিনিয়ে।”
নিজেকে ইতিহাসের সেরা খেলোয়াড় মনে করেন কি না, এমন প্রশ্নে মেসি উত্তর দেন, “আমি কখনও বলিনি যে আমি ইতিহাসের সেরা। সেটা প্রমাণ করারও চেষ্টা করিনি। ইতিহাসের সেরাদের একজন হিসেবে বিবেচিত হওয়াটাই আমার কাছে অনেক বড় ব্যাপার।”
তরুণদের রোল মডেল প্রসঙ্গে তিনি আরও বলেন, “আমি কখনও রোল মডেল হতে চাইনি, উপদেশ দিতেও পছন্দ করি না। আমি শুধু আমার স্বপ্নের পেছনে ছুটেছি। শুরুতে ছিল পেশাদার ফুটবলার হওয়ার স্বপ্ন, তারপর প্রতি বছর নিজেকে আরও উন্নত করার লড়াই। অনেক সময় ভাগ্যেরও দরকার হয়। আমি মনে করি, ঈশ্বরই সবকিছু ঠিক করে দিয়েছেন।”
ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তুলনা নিয়েও তিনি স্পষ্টভাবে বলেন, “আমি কখনও নিজেকে দিয়েগোর সঙ্গে তুলনা করিনি। এসব নিয়ে কখনও ভাবিই না।”