কেরানীগঞ্জে দিনেদুপুরে যুবককে কুপিয়ে হত্যা

ঢাকার কেরানীগঞ্জে দিনেদুপুরে এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া নাজিরেরবাগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের নাম সাগীর। তিনি রাজধানীর ইসলামপুরে চাকরি করতেন। প্রায় চার মাস আগে স্ত্রী ও এক সন্তান নিয়ে নাজিরেরবাগ এলাকায় ভাড়া বাসায় উঠেছিলেন।

নিহতের স্ত্রী টিনা জানান, সকালে সাগির দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হন। কিছুক্ষণ পর স্থানীয়দের মাধ্যমে তিনি খবর পান পথে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে ঘাড়ে আঘাত করে সাগিরকে হত্যা করে ফেলে রেখেছে।

স্থানীয়রা জানান, নাজিরাবাগের এই জায়গাটিতে প্রায় ছিনতাইসহ নানা ধরনের অপরাধের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা বাহিনী কোনও ধরনের ব্যবস্থা না নেওয়ায় এখানে এ ধরনের অপরাধের ঘটনা ঘটে।

দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশসহ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ঘটনাস্থল পরিদর্শন ও প্রাথমিক তদন্ত শুরু করেছে বলে জানান দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আকতার হোসেন।