এশিয়া কাপে আবুধাবিতে শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে আগে ব্যাট করা বাংলাদেশ ১৩৯ রানের পুঁজি পেয়েছিল জাকের আলী ও শামীম পাটোয়ারীর জুটিতে। লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। তবে এরপর বাংলাদেশের বোলারদের ওপর ছোড়ি ঘোরান পাথুম নিশাঙ্কা ও কামিল মিশারা। তারা দ্বিতীয় উইকেটে ৯৫ রানের জুটি গড়েন।
৩২ বল বাকি থাকতে ৬ উইকেটের জয়ে রান রেটটাও বাড়িয়ে নিয়েছে এবারের এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামা শ্রীলঙ্কা।
পাওয়ার প্লেতে শ্রীলঙ্কা তোলে ১ উইকেটে ৫৫ রান। লঙ্কানদের দলীয় একশো আসে মাত্র ৯.২ ওভারে। ১০ ওভারে লঙ্কানদের সংগ্রহ দাঁড়ায় ১ উইকেটে ১০৭ রান।
নিশাঙ্কা ফিফটি পূর্ণ করেন ৩১ বলে। টি-টোয়েন্টিতে এটি তার ১৬তম ফিফটি তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম। ৬ চার ও ১ ছক্কায় ৩৪ বলে ৫০ রানেই ফেরেন নিশাঙ্কা। তাকে ফিরিয়ে ৯৫ রানের জুটি ভাঙেন মেহেদি হাসান। নিশাঙ্কা ফেরার পর লঙ্কানদের রানের গতি কিছুটা কমে।
দ্রুত ফেরেন কুশাল পেরেরাও (৯)। তাকে এলবিডব্লিউর ফাদে ফেলেন মেহেদি হাসান। কুশাল ফেরার পাঁচ বলের মধ্যে আবারও উইকেট হারায় লঙ্কানরা। তানজিম সাকিবের বলে দারুণ এক ক্যাচ নেন মোস্তাফিজুর রহমান, তাতে সাজঘরে ফেরেন দাসুন শানাকা (১)।
তবে মিশারার ৩২ বলে অপরাজিত ৪৬ রানে সহজ জয়ই পায় শ্রীলঙ্কা। কামিল মিশারার ইনিংসে ছিল ৪ চার ও ২ ছক্কা।
২৯ রান দিয়ে ২টি উইকেট নেন স্পিনার শেখ মেহেদি হাসান।