জাকের-শামীমের রেকর্ড ৮৬ রানের জুটিতে বাংলাদেশ ১৩৯

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩৫ পিএম

আবুধাবিতে এশিয়া কাপে 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাট করে বাংলাদেশ। শুরুতে ব্যাটিং বিপর্যয়ে পড়া বাংলাদেশ শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে করেছে ৫ উইকেটে ১৩৯ রান। ষষ্ঠ উইকেটে রেকর্ড ৮৬ রানের জুটি গড়েন জাকের আলী ও শামীম পাটোয়ারী।

জাকের ৩৪ বলে ৪১* ও শামীম ৩৪ বলে ৪২* রান করেন।

প্রথম দুই ওভারে দলীয় সংগ্রহে রান যোগ হওয়ার আগেই বাংলাদেশ হারায় ২ উইকেট। বাংলাদেশের স্কোরবোর্ডে প্রথম রান যোগ হয়ে ইনিংসের ২.২ ওভার অর্থাৎ ১৪তম বলে।

প্রথম ওভারে নুয়ান তুষারার করা পাঁচ বলে কোনো রান নিতে পারেননি তানজিদ হাসান। ষষ্ঠ বলে বাংলাদেশ ওপেনার বোল্ড হয়ে ফেরেন। এ নিয়ে পাঁচ ইনিংসে তানজিদকে তৃতীয়বার আউট করলেন তুষারা। দ্বিতীয় ওভারে প্রথম তিন বলে কোন রান দেননি চামিরা। চতুর্থ বলে উইকেটকিপারকে ক্যাচ দেন আরেক ওপেনার পারভেজ হোসেন।

টি-টোয়েন্টিতে এই প্রথম টানা দুই ওভারে কোন রান করার আগেই ২ উইকেট হারাল বাংলাদেশ। টি-টোয়েন্টির প্রথম দুই ওভারে রান করার আগেই দুই উইকেট হারানোর এটি ষষ্ঠ ঘটনা। টেস্ট খেলুড়ে দলের মধ্যে এমনটি হলো দ্বিতীয়বার। আগের ঘটনাটি ২০১০ সালে। উইন্ডিজের বিপক্ষে জিম্বাবুয়ে কোন রান করার আগেই ২ ওভারে ২ উইকেট হারিয়েছিল।

ইনিংসের পঞ্ম ওভারের দ্বিতীয় বলে ক্যাচ দিয়ে জীবন পান তাওহীদ হৃদয়। তবে পরের বলেই রান আউটকে সাজঘরে ফেরেন হৃদয় (৮)। লিটন পাওয়ার প্লের শেষ ওভারে দাসুন শানাকাকে তিনটি চার মারলে ৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাড়ায় ৩০। ইনিংসের অষ্টম ওভারে হাসারাঙ্গা মেহেদি হাসানকে (৯) ফেরান।

১০ ওভারের আগেই বাংলাদেশ হারায় পঞ্চম উইকেট। এক প্রান্ত আগলে ২৮ রান করা অধিনায়ক লিটনকেও ফেরান হাসারাঙ্গা। ১০ ওভারে বাংলাদেশ তোলে ৫ উইকেটে ৫৪ রান।

ষষ্ঠ উইকেটে জুটি গড়ে দলের সংগ্রহ একশো পার করেন জাকের আলী ও শামীম পাটোয়ারী। ১৬ ওভারে একশো তোলে বাংলাদেশ। ষষ্ঠ উইকেটে জাকের-শামীমের ৬৫ বলে ৮৬ রানের অবিচ্ছেদ্য জুটিতে বাংলাদেশ লড়াইয়ের পুঁজি পায়। টি-টোয়েন্টিতে ষষ্ঠ উইকেটে এটিই বাংলাদেশের সর্বোচ্চ রানের জুটি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত