এমবাপ্পে ঝলকে রিয়ালের জয়

লা লিগায় মৌসুমে নিজেদের চতুর্থ ম্যাচে রিয়াল সোসিয়াদাদের মাঠে প্রথমার্ধেই ১০ জনের দলে পরিণত হয় রিয়াল মাদ্রিদ। তবে কিলিয়ান এমবাপ্পের দারুণ পারফরম্যান্সে ২-১ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। চার ম্যাচে সব জিতে লা লিগায় শীর্ষেই রইল জাবি আলোনসোর দল।

এমবাপ্পে করেন দলের প্রথম গোল। পরে আর্দা গোলে অবদান রাখেন। ১২ মিনিটে প্রতিপক্ষের সুযোগ কাজে লাগিয়ে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। মাঝমাঠ থেকে সোসিয়াদাদের একজনের ব্যাকপাস পেয়ে সঙ্গে লেগে থাকা আরেকজনকে পেছনে ফেলে এগিয়ে যান। বক্সের বাইরে থেকে শটে গোল করেন। আসরে চার ম্যাচে এমবাপ্পের গোল হলো চারটি। ৩২ মিনিটে সোসিয়াদাদের ওইয়ারজাবালকে পেছনে থেকে ঘাড় ধরে টেনে ফেলে দেন সেন্টার-ব্যাক হুইসেন। তাতে দেখেন লাল কার্ড। ৪৪ মিনিটে এমবাপ্পের অ্যাসিস্টে বল জালে পাঠান আর্দা গুলের। ৫৬ মিনিটে সফল স্পট কিকে ব্যবধান কমান ওইয়ারজাবাল। বাকি সময়ে ব্যবধান ধরে রেখে জয় পায় রিয়াল।

ইপিএলে গতকাল নিজেদের মাঠে আর্সেনাল ৩-০ তে হারিয়েছে নটিংহ্যামকে। জোড়া গোল করেন মার্টিন জুবেমেন্দি। চার ম্যাচে তিন জয় আর্সেনালের। টটেনহ্যাম ৩-০ গোলে হারিয়েছে ওয়েস্টহামকে। স্পার্সদের হয়ে গোল করেন সার, লুকাস বেরবাল  ও ভ্যান দে ভেন। এছাড়া নিউক্যাসল, বোর্নমাউথ, ফুলহ্যামও পেয়েছে জয়।