ইতালিয়ান সিরি আ লিগের জমজমাট ম্যাচে ইন্টার মিলানকে ৪-৩ গোলে হারিয়েছে জুভেন্টাস। ম্যাচে দুই ভাই কেফরেন থুরাম ও মার্কাস থুরাম বিপরীত দুই দলের হয়ে গোল করে নজর কাড়েন। সাবেক ফ্রান্স তারকা লিলিয়ান থুরামের দুই ছেলেই ম্যাচের শেষদিকে মাত্র ছয় মিনিটের ব্যবধানে গোল করে উত্তেজনা ছড়িয়ে দেন।
শনিবার রাতে তুরিনের আলিয়াঞ্জ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ১৪ মিনিটে দুর্দান্ত ভলিতে জুভেন্টাসকে এগিয়ে দেন সাবেক বোর্নমাউথ ও নিউক্যাসল ডিফেন্ডার লয়েড কেলি। তবে ৩০ মিনিটে হাকান চালহানোগলুর দূরপাল্লার শটে সমতা ফেরায় ইন্টার। ৩৮ মিনিটে কনান ইয়িলদিজ আবারও শক্তিশালী নিচু শটে জুভেন্টাসকে লিড এনে দেন। ৬৫ মিনিটে চালহানোগলু দ্বিতীয়বার ইন্টারকে সমতায় ফেরান চমৎকার ভলিতে।
এরপর ৭৬ মিনিটে কর্নার থেকে হেডে গোল করে প্রথমবার ইন্টারকে এগিয়ে দেন মার্কাস থুরাম। কিন্তু তার ৪ বছরের ছোট ভাই কেফরেন থুরাম ৮২ মিনিটে ফ্রি-কিক থেকে হেড করে জুভেন্টাসকে সমতায় ফেরান। শেষ পর্যন্ত যোগ করা সময়ের প্রথম মিনিটে ১৯ বছর বয়সী বদলি খেলোয়াড় ভাসিলিয়ে আদজিচ ৩০ গজ দূর থেকে দারুণ শটে গোল করে জুভেন্টাসের জয় নিশ্চিত করেন।
লিগে এ নিয়ে টানা তৃতীয় জয় তুলে নিল জুভেন্টাস। মৌসুমের শুরু থেকেই তারা শতভাগ জয় নিয়ে ছুটছে। অন্যদিকে নতুন কোচ ক্রিস্টিয়ান চিভুর অধীনে টানা দ্বিতীয় ম্যাচ হারল ইন্টার মিলান। খেলা শেষে কেফরেন থুরাম বলেন, ‘গোলের পর মার্কাস আমাকে বলেছে- “ভালো করেছো”। ভাইয়ের চোখে তৃপ্তি ছিল, কিন্তু মুখে হাসি ছিল না। সে আমাকে সবসময় হেড নিয়ে ঠাট্টা করে, বাবা-ও তাই করেন। আজ তাই খুব খুশি।’