জুভেন্তাস ম্যাচের আগে রিয়াল মাদ্রিদে সুখবর

আপডেট : ০১ জুলাই ২০২৫, ০৩:৩২ পিএম

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোতে বাংলাদেশ সময় আজ মঙ্গলবার দিবাগত রাত ১টায় জুভেন্তাসের মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে নামার আগে তারা পেয়েছে দারুণ এক সুসংবাদ। অসুস্থতার কারণে ক্লাব বিশ্বকাপের গ্রুপ পর্বের কোনো ম্যাচে খেলতে না পারা কিলিয়ান এমবাপ্পে মাঠে ফিরতে যাচ্ছেন। জুভেন্তাস ম্যাচে তার খেলার সম্ভাবনা প্রবল।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে রিয়াল কোচ জাবি আলোনসো বলেছেন, ‘কিলিয়ান এখন খুব ভালো আছে। ওর সঙ্গে আমাদের প্রতিদিনই কথা হচ্ছে। ম্যাচের দিন সকালে আরেকবার কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। (এই ম্যাচে খেলার) খুব ভালো সম্ভাবনা আছে। এই ম্যাচ দিয়েই ক্লাব বিশ্বকাপে তার অভিষেক হতে পারে। কতভাগ সম্ভাবনা আছে, সেটা বলতে পারব না। তবে অবশ্যই অনেক বেশি সম্ভাবনা আছে।’

এমবাপ্পের পাশাপাশি অভিজ্ঞ ডিফেন্ডার দানি কার্ভাহাল এবং এদের মিলিতাও চোট কাটিয়ে মাঠে ফিরতে প্রস্তুত। তবে এখনই তাদের মাঠে নামানো হবে কিনা, সেটা পরিস্কার করেননি আলোনসো, ‘দুজনই দীর্ঘ সময় পর মাঠে ফেরার অপেক্ষায়। দলের সবাই মনে করে, তারা (মাঠে নামার) খুব কাছাকাছি আছে। হয়তো শীঘ্রই তাদের খেলতে দেখা যাবে। সবার ভূমিকাই গুরুত্ব্পূর্ণ।’

জুভেন্তাস ম্যাচে শিষ্যদের কাছে চাওয়া নিয়ে রিয়াল কোচের বক্তব্য, ‘আমরা এখন নকআউট পর্যায়ে আছি, শেষ ষোলোর ম্যাচে জুভেন্তাসের মতো দলের বিপক্ষে লড়াই। আমরা ঐক্যবদ্ধ হয়ে লড়তে চাই। ১১ জন ফুটবলারই যেন নিজেদের উজার করে দেয়; পায়ে বল থাকুক আর না থাকুক। আমাদের ঐক্যবদ্ধ শক্তিই ভিনিসিউস, এমবাপ্পে, রদ্রিগো, বেলিংহ্যামের মতো ফুটবলারদের জ্বলে উঠতে সহায়তা করবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত